প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:০৪ এএম
ছবি : সময়ের আলোশেরপুরের নকলায় চেকপোস্ট বসিয়ে ভারতীয় মদসহ শাহিন আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহিন আলম ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে এক যুবক রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভর্তি ভারতীয় মদের বোতল নিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে নালিতাবাড়ীর সীমানা ছাড়িয়ে নকলা বাইপাসে পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ নকলা থানা পুলিশকে অবহিত করে। পরে নকলা থানা পুলিশ গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা শাহিন আলমের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সময়ের আলো/জোই