নিজেদের জমিতেই পরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ শতক জমি আট বছর ধরে প্রভাবশালীদের দখলে রয়েছে। ৫২ শতক জমি নিয়ে প্রতিষ্ঠিত

2026-11-23T07:04:30+00:00
2026-11-23T07:04:30+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
নিজেদের জমিতেই পরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০৪ এএম 
ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ শতক জমি আট বছর ধরে প্রভাবশালীদের দখলে রয়েছে। ৫২ শতক জমি নিয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির দখলে এখন আছে মাত্র ২০ শতক। জমি উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি কর্তৃপক্ষ। উল্টো সম্প্রতি বিদ্যালয়ের জায়গায় নতুন করে টিনের ঘর তুলে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। এতে শ্রেণিকক্ষের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়টি উপজেলার পুটিখালী ইউনিয়নের ১৯৭ নম্বর গজালিয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৫২ জন। ছয়টি পদের বিপরীতে কর্মরত আছেন ছয়জন শিক্ষক।

বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময়ে বিদ্যালয়ের জমি বেদখল হতে থাকে। সর্বশেষ স্থানীয়ভাবে জমি পরিমাপ করে দেখা যায়, বিদ্যালয়ের ৫২ শতক জমির মধ্যে মাত্র ২০ শতক তাদের দখলে রয়েছে। বাকি ৩২ শতক পর্যায়ক্রমে বেদখল হয়ে গেছে। সম্প্রতি বিদ্যালয়সংলগ্ন একটি প্রভাবশালী মহল সেখানে টিনের ঘর তুলে নতুন করে জমির একাংশ দখল করেছে বলে অভিযোগ রয়েছে। জমি বেদখল হওয়ায় শিক্ষার্থীদের বাথরুমে যেতে হয় বিদ্যালয় থেকে দূরে।

জমি সংকটের পাশাপাশি বিদ্যালয়টিতে রয়েছে নানা অবকাঠামোগত সমস্যা। মূল ভবনটি জরাজীর্ণ। চার কক্ষের ভবনে দুই পালায় পাঠদান করতে হয়। ফলে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। বিদ্যালয়ে নেই সুপেয় পানির ব্যবস্থা। স্যানিটেশন ব্যবস্থাও নাজুক। ছাপড়া দিয়ে তৈরি অস্থায়ী ল্যাট্রিন ও বাথরুম ব্যবহার করতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ ও সাদিয়া আক্তার বলেন, সরকারি বরাদ্দে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানির ট্যাংক দেওয়া হলেও আবেদন করেও তাদের বিদ্যালয়ে এখনো তা পাওয়া যায়নি। শিক্ষার্থীদের পান করার পানি আনতে হয় দূরের একটি পুকুর থেকে। বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বরাদ্দ দাবি জানান তারা।

প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান বলেন, বিদ্যালয়ের জমি বেদখলের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। ২০২১ সালে স্থানীয়ভাবে আমিন দিয়ে জমি পরিমাপও করা হয়। কিন্তু দখল হওয়া জমি উদ্ধারে চেষ্টা করেও তারা সফল হননি।


বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান শিক্ষক। তিনি বলেন, বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিশুদের বিধিবহির্ভূতভাবে কাছের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী, ওই এলাকার শিশুদের অন্য বিদ্যালয়ে ভর্তি নেওয়ার কথা নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন বলেন, শুধু গজালিয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, এ উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে আবেদন নেওয়ার নির্দেশনা দেওয়া হবে। পরে সরেজমিনে গিয়ে জমি পরিমাপ করে বেদখল হওয়া জমি উদ্ধারের চেষ্টা করা হবে। দখলকারীরা জমি ছেড়ে না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জমি  পরবাসী  সরকারি প্রাথমিক বিদ্যালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: