প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম
গাঁজাসহ চার নারীকে আটক। ছবি : সময়ের আলোমানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন, ওই গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদকব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। রোববার রাতে তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাদের মাদকসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা রমজান আলী অভিযোগ করেন, ওই পরিবারের গৃহকর্তা আক্কাস ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছে। এর আগে পরিবারের কয়েকজন সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ তার। রোববার রাতে এলাকাবাসী ওই বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের পেছন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন। তবে এ সময় মাদকব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত ঝর্ণা আক্তার পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জোই