ছবি : সময়ের আলো দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেই চলছে। শনিবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।
নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার ঘটনার পর ৬০টির বেশি বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক কাটেনি। পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে খাগড়াছড়িতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দুই বাসে আগুন : মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে শনিবার দিবাগত রাতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামগামী লেনে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। চালকের অভিযোগ, যাত্রীবেশে বাসে উঠে দুই ব্যক্তি গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসে আগুন দিয়ে নেমে যায়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা দুজন যাত্রী দ্রুত নেমে যায়। পরে বাসচালক ও তার সহকারী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের কারণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে হাইওয়ে পুলিশ। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, ঢাকা থেকে কাঁচপুর আসার পথে মঞ্জিল পরিবহনের একটি বাসে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েন। বাসচালক ও তার সহকারী কাউকে আগুন দিতে দেখেননি। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। যান্ত্রিক ত্রুটির কারণেও বাসটিতে আগুন লাগতে পারে বলে মনে করছেন এই পুলিশ পরিদর্শক।
এদিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে ঠাটাঙ্গা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভূঁইয়া পরিবহনের বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা।
এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলে হালতি বিলের ওয়াচটাওয়ারের নিচে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসআরবি সূত্রে জানা যায়, হালতিবিলের ওয়াচটাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশনা অনুযায়ী এসআরবির সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।
রাজবাড়ীতে ট্রাকে আগুন : রাজবাড়ী শহরে প্রায় দুই বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মোটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ট্রাকটির মালিক এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সদর উপজেলার বরাট এলাকার রফিকুল আলম।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, প্রায় দুই বছর আগে বিকল হওয়ার পর থেকে নিজের প্রতিষ্ঠানের সামনে ট্রাকটি ফেলে রাখেন মালিক রফিকুল আলম। আগুন লাগার খবর পেয়ে রোববার সকালে তিনি পুলিশকে জানান। তবে কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। ট্রাকমালিককে অভিযোগ দিতে বলা হয়েছে।
বেড়ার পরিস্থিতি থমথমে : টানা তিন দিনের দফায় দফায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে রাজনৈতিক সহিংস ঘটনার পরে পাবনা বেড়া পৌর এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রোববারও সকাল থেকে বেড়া পৌরসভার কিছু এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। অন্যদিকে হাতিগাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছেন।
ঘটনার দিন থেকে এখন পর্যন্ত অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভয়ে আতঙ্কে শহর বাজারে আসছে সাধারণ মানুষ। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চৌকি চেকপোস্ট বসানো হয়েছে। এলাকায় চলছে পুলিশের টহল অভিযান। শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।
তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানাতে লিখিত অভিযোগ করেনি বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা অবনতি ও সহিংস ঘটনাকে কেন্দ্র করে মামলার পক্রিয়া চলছে বলে জানিয়েছেন বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের টানা তিন দিন ধরে সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে তার স্থানে তাৎক্ষণিকভাব পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গ, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল থেকে বেড়া পৌর বৃশালিখা এলাকাসহ বেশ কিছু স্থানে সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে চলে। এখনও ওই সকল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক করতে পুরো উপজেলাতে দেড়শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের অবস্থান নিয়েছে। গতকাল রাতের পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গত তিন দিনের সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা মামলা করবে, পুলিশের ওপরে হামলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে প্রশাসনিক মামলা হবে। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে একাধিক মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। মাঠে পুলিশসহ প্রশাসনিক সব ইউনিট কাজ করছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারাই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নড়াইলে পুলিশের টহলেও কাটেনি আতঙ্ক
‘আমার এই বিল্ডিংটায় ছয়টা রুম, সবগুলো পুড়াই দিছে। রান্নাঘর, গোয়ালঘর, খেড়ার (খড়ের) পালা— সবকিছু মালামাল পুড়াই দেছে। যদ্দুর যা পারিছে নিয়ে গেছে, আর সব পুড়াই দিয়ে গেছে। আমি একা বিটি (নারী) মানুষ আছি। এখনও ভয়ের মধ্যে আছি’— রোববার দুপুর ২টার দিকে নিজের এক তলা পোড়া বাড়িতে দাঁড়িয়ে এসব কথা বলেন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম।
গত শুক্রবারের হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের পর ভয়ে অনেকে এখনও রাতে নিজেদের বাড়িঘরে থাকছেন না। রাবেয়া বেগম বলেন, ‘(রাতে) পাশের এক বাড়িতে ঘুমাই ছিলাম। গত রাতেও ঘরের গ্রিল ভাঙিছে। শব্দ শুনে লাইট নিয়ে এলে চলে গেছে।’
গত বুধবার বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। এরপর শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত বেন্দারচর গ্রামে ৬০টির বেশির ঘর ও দোকানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।
সরেজমিন বেন্দারচর গ্রাম ঘুরে সেখানে ৬০টি ঘর ও ছয়টি দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন দেখা গেছে। এর মধ্যে কোনো কোনো বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। আবার কোনো বাড়িতে শুধু ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ছাড়া শুধু লুটপাটের শিকার হয়েছে কয়েকটি পরিবার।
রোববার দুপুরে বেন্দারচর গ্রামের প্রবেশপথে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। গ্রামের ভেতরেও একটি মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। গ্রামের বিভিন্ন পথে পুলিশের পাশাপাশি এসআরবি সদস্যরাও টহল দিচ্ছিলেন। এরই মধ্যে বাসিন্দাদের কেউ কেউ পোড়া ঘর থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছিলেন।
ভাঙচুর ও অগ্নিসংযোগ করা বাড়িগুলোতে কিশোর, তরুণ ও যুবকদের দেখা যায়নি। তবে নারীদের উপস্থিতি দেখা গেছে। কেউ কেউ ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করছিলেন। তাদেরই একজন পারভিন বেগম। তিনি বলেন, ‘আমাদের সময় যাচ্ছে অনেক কষ্টে। আমরা মহিলারা কেউ বাসায় নিরাপদ না। প্রত্যেকের ভয় ঢুকে গেছে। বাসায় রাতে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা বাসায় রাতে থাকি না।’
বেন্দারচর গ্রামের আরেক বাসিন্দা পিকলু বিশ্বাসের স্ত্রী বলেন, ‘আমাগে মাল-জিনিস, টাকা-পয়সা সম্পূর্ণ জিনিস লুটপুটে নিয়ে গেছে। পুলিশ যখন থেকে আইছে, তহন থেকে আমাগে ভয় কুমিছে। কিন্তু তারপরও আমাগে ভয় আছে। নিরাপত্তা নাই।’
এলাকার পরিস্থিতি সম্পর্কে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, ‘এই মুহূর্তে বেন্দারচরের অবস্থা ভালো। শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআরবিও আমাদের সঙ্গে কাজ করছে। জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।’
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ-অগ্নিসংযোগ
‘গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে। কী হয়েছে তা বোঝার জন্য তখন বাইরে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু ধোঁয়ার জন্য কিছুতেই ঘর থেকে বের হতে পারছিলাম না। ঘরের দরজা ও পেছনের গলিতে তখনও আগুন জ্বলছিল’— ঘরে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে কথাগুলো বলছিলেন মো. আবুল কাশেম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাবা তিনি।
রোববার সকালে কথা হয় আবুল কাশেমের সঙ্গে। এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। সাদিক কায়েমের বাড়ি খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায়। আগুন দেওয়ার সময় ঘরে ঘুমিয়ে ছিলেন তার মা-বাবা।
রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির সামনের অংশ ও পেছনের গলিতে কেরোসিনের গন্ধ। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন। সাদিক কায়েমের বাবার সঙ্গে কথা বলেন তারা।
সকালে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল পুরো বাড়িতে আগুন দেওয়া।
অগ্নিসংযোগের চেষ্টার সময় ধারণ হওয়া একটি ভিডিও পরে ফেসবুকে শেয়ার করেন সাদিক কায়েম। অগ্নিসংযোগ করতে আসা ব্যক্তিরাই এটি ধারণ করেছেন বলে উল্লেখ করা হয়। ভিডিওতে মুখোশ পরা এক যুবককে সাদিক কায়েমের ঘরের চারপাশের দেয়ালে ‘কেরোসিন’ ছিটাতে দেখা যায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে