গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তা, নজরদারি

সালাহ উদ্দিন চৌধুরী

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের নাশকতা

2026-11-23T02:11:50+00:00
2026-11-23T02:11:50+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিসেম্বর ঘিরে উত্তেজনা
গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তা, নজরদারি
সালাহ উদ্দিন চৌধুরী
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:১১ এএম 
সংসদ ভবন। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। মাঠ পর্যায়ে তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জোরদার করা হয়েছে প্রযুক্তিনির্ভর নজরদারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও সংরক্ষিত স্থাপনা অর্থাৎ কি পয়েন্ট ইনস্টলেশনভুক্ত (কেপিআই) স্থাপনাগুলোর নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় বাড়ানো হয়েছে ফোর্সের সংখ্যা।

গত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক থানা। হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরাও। আগামী ২৯ ও ৩০ নভেম্বর আবারও একই কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শঙ্কা দূর করতে বাহিনীগুলোর সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ের সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নাশকতায় অর্থের জোগানদাতা ও মাঠ পর্যায়ের জড়িতদের গ্রেফতার, সাইবার মনিটরিং, রাজধানীর অভ্যন্তর ও প্রবেশপথে নজরদারি এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমও চালিয়ে যেতে হচ্ছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, গত অক্টোবরে সারা দেশে ৫৭টি ঝটিকা কর্মসূচি ও নাশকতার ঘটনা ঘটে। নভেম্বরের প্রথম দুই সপ্তাহে এ সংখ্যা ছিল ২৮১টি। ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। শতাধিক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়, মিরপুরের রূপনগর থানা, আদাবর, শাহবাগ ও যাত্রাবাড়ী এলাকায় ককটেল হামলা চালানো হয়েছে। ভাঙ্গা, গৌরনদী, বরগুনা, সিলেট, কুমিল্লা ও নওগাঁর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে যান চলাচল বন্ধের চেষ্টা করা হয়েছে। তিনটি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


এ ছাড়া গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ ও ১৮ নভেম্বর দুদিনে দেশের ১৬টি শাখা ও কার্যালয়ে আগুন এবং নাশকতা চালানো হয়। ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হামলার শিকার হয়েছে ব্যাংকটির মোট ৩৭টি শাখা ও কার্যালয়।

নড়াইল এবং ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। পিরোজপুরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বাসের এক হেলপারকে। এ ছাড়া বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, শ ম রেজাউল করিম, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, আ ক ম বাহাউদ্দিন ও হাজী রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পিরোজপুরে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার বাড়ি ভাঙচুর করা হয়।

এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়ি, ফেনীর সোনাগাজীতে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর বাড়ি এবং সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়ির বাইরেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কালিয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ ২০ থেকে ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়েছিল।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা যায়, দেশের কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিভিন্ন বাহিনী। পদ্মা সেতু ও যমুনা সেতুর মতো স্থাপনার নিরাপত্তায় সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। অন্যদিকে সংসদ ভবন ও বঙ্গভবনের মতো স্থাপনায় এপিবিএন বা এসপিবিএনের মতো বাহিনী বিশেষ দায়িত্ব পালন করছে। বর্তমান পরিস্থিতিতে এসব স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামরুম মুনিরা বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। কেপিআইভুক্ত স্থাপনাসহ দেশের গুরুত্বপূর্ণ সব সরকারি স্থাপনার নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের সক্ষমতার মধ্যে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সূত্র জানায়, মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণও অব্যাহত রয়েছে। পুলিশ, এসআরবি ও বিজিবির সদর দফতর থেকে এসব কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। এ লক্ষ্যে ড্রোন, বডিওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পরিচালক (আইন ও গণমাধ্যম) উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, ‘স্ট্রাইকিং ফোর্স হিসেবে এসআরবি যেকোনো পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত রাখে। এসআরবির ১৫টি ব্যাটালিয়নে প্রায় ১০ হাজার জনবল নিয়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় যখনই এসআরবির প্রয়োজন হচ্ছে, সেখানেই দ্রুত সাড়া দিচ্ছে।’

রাজধানীর পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ২১ নভেম্বর টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করে।

এ প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুদ এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।’


বিজিবি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   নিরাপত্তা  নজরদারি  ডিসেম্বর  উত্তেজনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: