গ্রাফিক : সময়ের আলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছেন তিনি। ইতিমধ্যে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসবেন সরকারপ্রধান।
সূত্র বলছে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা চলছে। প্রথমে পৃথক বৈঠকের মাধ্যমে দলগুলোর মতামত ও প্রস্তাব নেওয়া হবে। এরপর সেগুলোর ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হতে পারে। সব দলের সঙ্গে আলোচনা শেষে প্রয়োজন মনে করলে সর্বদলীয় বৈঠক আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রধানমন্ত্রী সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো এবং দেশকে আবারও পরাধীনতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অবস্থান প্রয়োজন। এ আহ্বানের পরদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠকটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সরকার সংশ্লিষ্ট ও বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগের মূল লক্ষ্য, আওয়ামী লীগের নামে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজনৈতিক দলগুলো যেন ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে পারে। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো। প্রয়োজনে পৃথক বৈঠকের পর সব রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকও হতে পারে।
বিএনপির সিনিয়র নেতারা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনীতির গুণগত পরিবর্তন চান। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান চান। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে বসে থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং উন্নয়নের পথ বাধাগ্রস্ত করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
এ ছাড়া দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরবেন এমন কথা বলে অস্থিতিশীল এবং আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এসব কিছু মোকাবিলা করতে ২৪-এর অভ্যুত্থানের আগের রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তিনি। আন্দোলনে অংশ নেওয়া সব দল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার পক্ষে একাট্টা রয়েছে। তবে তারা কিছু বিষয়ে দাবি দাওয়া জানাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এগুলো নিয়ে আলোচনা হতে পারে। আলোচনার টেবিলে বসলে যে কোনো বিষয়ে সমাধান আসে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সময়ের আলোকে বলেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য খুবই জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এটা ইতিবাচক।
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ প্রশ্নে অতীতে যে ঐক্য ছিল, সেটা এখনও রাজনৈতি দলগুলের মধ্যে আছে। ফ্যাসিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগ ইতিবাচক। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এমন কোনো কার্যক্রম হওয়া উচিত নয়, যেন ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হয়। প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রস্তাবিত সংলাপ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অভিন্ন ঐক্যের জায়গাকে আরও শক্তিশালী করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক হয়। এরপর জামায়াতের সঙ্গে আলোচনার বিষয়টি সামনে আসে। দলটির পক্ষ থেকেও রাজনৈতিক ঐক্যের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। দলটি মনে করে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও রাজনৈতিক ঐক্যের প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
তার বক্তব্য, গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের কাজে সহযোগিতা করবে জামায়াত। দলটির মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। একই সঙ্গে নাশকতা ও সহিংসতা কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে দলটি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, দলটি এখনও সংলাপের তারিখ বা আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। আমন্ত্রণ পাওয়ার পর তাতে অংশ নেবে কি না এবং কীভাবে অংশ নেবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংলাপে গেলে দলের বক্তব্য কী হবে, সেটিও সরকারের আলোচ্যসূচি ও সংলাপের শর্তাবলির (টার্মস অব রেফারেন্স) ওপর নির্ভর করবে বলে জানান তিনি।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস এবং এই বলয়ের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমন্ত্রণ না পাওয়ায় সংলাপে অংশগ্রহণের বিষয়ে তারাও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ফ্যাসিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং সরকারের আহ্বানে সাড়া দেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এমন কোনো কার্যক্রম হওয়া উচিত নয়, যেন ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হয়।
প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রস্তাবিত সংলাপ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অভিন্ন ঐক্যের জায়গাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে আমন্ত্রণ পেলে সংলাপে অংশ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে