প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৯ এএম
ছবি : সংগৃহীত রাজধানীর লালবাগে একটি রেস্তোরাঁয় গ্যাস লাইনের বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানাধীন ‘কাচ্চি খানাস’ নামের রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন পলাশ (৪২), নয়ন (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)। তাদের মধ্যে পলাশ গ্যাস লাইনের মিস্ত্রি। বাকি পাঁচজন ওই রেস্তোরাঁর কর্মচারী।
দগ্ধ নয়ন শিকদার জানান, রাত সাড়ে ৮টার দিকে রেস্তোরাঁয় গ্যাস লাইনের কাজ করছিলেন মিস্ত্রি পলাশ। কাজের সময় গ্যাস লাইনের চাবি খোলা থাকায় পুরো ঘরে গ্যাস জমে যায়। একপর্যায়ে লাইন পরীক্ষা করতে গিয়ে অসাবধানতাবশত আগুন জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
নয়ন শিকদার বলেন, বিস্ফোরণে মিস্ত্রি পলাশসহ রেস্তোরাঁর পাঁচ কর্মচারী দগ্ধ হন। পরে তাদের সহকর্মীরা উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, দগ্ধ ছয়জনই বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সময়ের আলো/এসএকে