পাঁচ বছর পর বাংলাবান্ধা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন নেপালি নাগরিক

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশে প্রায় পাঁচ বছর অবস্থানের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে মানসিক ভারসাম্যহীন এক নেপালি নাগরিককে নিজ

2026-11-23T09:48:32+00:00
2026-11-23T09:48:32+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাঁচ বছর পর বাংলাবান্ধা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন নেপালি নাগরিক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ এএম 
ছবি : সময়ের আলো
বাংলাদেশে প্রায় পাঁচ বছর অবস্থানের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে মানসিক ভারসাম্যহীন এক নেপালি নাগরিককে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাকে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যাবাসন হওয়া খায়রুদ্দিন আনসারি নেপালের ২ নম্বর প্রদেশের বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারির ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব-পিলার থেকে প্রায় পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাকে নেপালের উদ্দেশ্যে পাঠানো হয়। হস্তান্তরের সময় খায়রুদ্দিনের পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকায় নেপাল দূতাবাসের প্রতিনিধিরাই তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সূরাজ আমগাইন, বাংলাবান্ধা বিওপির বিজিবি সদস্য, ভারতের ফুলবাড়ী বিওপির বিএসএফ সদস্য এবং বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস জানান, মানসিক ভারসাম্যহীন খায়রুদ্দিন প্রায় পাঁচ বছর আগে ঠিক কোন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তা তিনি বলতে পারেননি। পরবর্তীতে কুষ্টিয়া জেলায় এক ব্যক্তি তাকে খুঁজে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও অবস্থানের তথ্য ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্ত হয়।

এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দুই দেশের দূতাবাসের সমন্বয়ে পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং ট্রাভেল পাস ইস্যুসহ সব আনুষ্ঠানিকতা শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচয় নিশ্চিত এবং ট্রাভেল পাসসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্নের পর রোববার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ওই নেপালি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাংলাবান্ধা সীমান্ত  দেশে ফিরলেন  মানসিক ভারসাম্যহীন  নেপালি নাগরিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: