সীমান্ত পাহাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি : সময়ের আলোদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ সীমান্তজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের প্রথম ১০ মাসে রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে চোরাচালান ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৬১৫ জনকে।
শনিবার (২১ নভেম্বর) পঞ্চগড়ে প্রকাশিত বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্ব পালন করছে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর। দীর্ঘ এই সীমান্তে চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে রিজিয়নের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।
বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র এবং ৪১ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
একই সময়ে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোয়িন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০টি ইয়াবা ট্যাবলেট এবং ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল।
এ ছাড়া ৩ হাজার ৫০৬টি ফেয়ারডিল, ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২ লাখ ৩৮ হাজার ৮০৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২টি মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬টি বিভিন্ন ধরনের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও মাদক পাচার ঠেকাতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবি। বিশেষ করে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা, যা 'পুশইন' নামে পরিচিত, তা প্রতিরোধে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা প্রস্তুত রয়েছেন। অবৈধ সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সীমান্ত পাহারার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও দায়িত্ব পালন করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিজিবি শুধু মাদক ও চোরাচালান প্রতিরোধেই নয়, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তকেন্দ্রিক অন্যান্য অপরাধ দমনেও কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাশাপাশি জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবির মতে, সীমান্ত নিরাপত্তার সঙ্গে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা ও সীমান্তবর্তী মানুষের স্বাভাবিক জীবনযাত্রার বিষয়টি নিবিড়ভাবে সম্পর্কিত। তাই সীমান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সীমান্ত নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সঠিক তথ্য প্রচার এবং জনসচেতনতা তৈরির উদ্যোগ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজিবি মহাপরিচালকের ভিশন ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়।
বিস্তীর্ণ সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির অন্যতম অগ্রাধিকার।
বিজিবি জানিয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয়কে সামনে রেখে নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত সীমান্ত গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বিজিবির রংপুর রিজিয়ন।
সময়ের আলো/জোই