স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি : সময়ের আলোদেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
সারাদেশে ১০ লাখ ছানি অপারেশনের মহাপরিকল্পনার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে সিরাজগঞ্জকেই দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকাল থেকেই কলেজ মাঠে ছিল মানুষের ঢল। দূর-দূরান্ত থেকে আসা বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষসহ হাজারো মানুষ চোখের চিকিৎসা নিতে লাইনে দাঁড়ান। অনেকেই বছরের পর বছর ঝাপসা চোখ নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলেন, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি। আজকের এই ক্যাম্প তাদের জন্য যেন নতুন করে দেখার স্বপ্ন নিয়ে এসেছে।
প্রতিমন্ত্রী বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চাই, দেশের কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশের মানুষ তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। আমরা সেই আস্থার প্রতিদান দিতে জনসেবার রাজনীতিতে বিশ্বাসী।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ তারই অংশ। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী ক্যাম্প ঘুরে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের খোঁজখবর নেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাম্পে দেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধ ও ফলোআপ চিকিৎসাও বিনামূল্যে দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ছানি আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য চক্ষু রোগীদেরও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও উন্নত চিকিৎসার জন্য রেফারেল সুবিধা দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার হাজারো মানুষ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সিরাজগঞ্জ যদি দেশের প্রথম ছানিমুক্ত জেলা হয়, তবে তা পুরো দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
সময়ের আলো/এনএন