বাড়ির ছাদ, গাছপালা ও আশপাশে অবস্থান নিয়ে সুযোগ পেলেই ঘরে ঢুকে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ছবি : সময়ের আলো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া এলাকায় বানরের উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বানরের দল লোকালয়ে প্রবেশ করে বাড়িঘর, দোকানপাট, ফলের গাছ ও খাদ্যসামগ্রী নষ্ট করছে বলে অভিযোগ এলাকাবাসীর। সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শিশু ও বয়স্কদের নিরাপত্তা। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি ঘটনায় বানরের আঁচড়েরও শিকার হয়েছেন।
এ পরিস্থিতিতে বানরগুলোকে নিরাপদ ও মানবিক উপায়ে আটক করে উপযুক্ত আবাসস্থলে স্থানান্তরের দাবিতে ১৭ নভেম্বর ই-মেইলে চট্টগ্রাম বন বিভাগ বরাবর লিখিত আবেদন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ইসলামিক পল্লী উন্নয়ন সংগঠন (আই.আর.ডি ক্লাব)। ই-মেইলে অনুলিপি পাঠানো হয় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাতকানিয়া রেঞ্জ কর্মকর্তার কাছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বানরের উপদ্রব। বাড়ির ছাদ, গাছপালা ও আশপাশে অবস্থান নিয়ে সুযোগ পেলেই ঘরে ঢুকে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছে। অনেক সময় রান্নাঘরের জানালা কিংবা দোকানের সামনে রাখা পণ্যও নষ্ট করছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।
বাসিন্দাদের অভিযোগ, শিশুদের অনেকেই কৌতূহলবশত বানরকে খাবার দেয় বা তাদের সঙ্গে খেলতে গিয়ে উত্ত্যক্ত করে। এতে বানরগুলো মানুষের প্রতি আরও অভ্যস্ত হয়ে পড়ছে এবং মানুষের কাছাকাছি চলে আসছে। একপর্যায়ে আক্রমণাত্মক আচরণও করছে। কয়েক দিন আগে এক বৃদ্ধা বানরের আঁচড়ে আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার পর থেকে অনেক পরিবার সন্তানদের একা বাইরে যেতে দিচ্ছে না।
আই.আর.ডি ক্লাবের নেতারা জানান, বিষয়টি জননিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তারা প্রথমেই প্রশাসন ও বন বিভাগের সহযোগিতা চেয়েছেন। গত ১৭ নভেম্বর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠানোর পাশাপাশি ফোনেও যোগাযোগ করা হয়। তাদের দাবি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরদিন একটি টিম ঘটনাস্থলে যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে কেউ না আসেননি।
সংগঠনটির অভিযোগ, কখনো বলা হয়েছে বানর ধরার মতো প্রশিক্ষিত জনবল নেই, কখনো প্রয়োজনীয় সক্ষমতার অভাবের কথা বলা হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বানর থাকাকে তেমন বড় সমস্যা হিসেবে দেখা হয়নি বলেও দাবি করেছেন সংগঠনের নেতারা। এসব কারণে স্থানীয়দের মধ্যে হতাশা আরও বেড়েছে বলে তাদের ভাষ্য।
আই.আর.ডি ক্লাবের সভাপতি সারোয়ার কামাল বলেন, আমরা কোনোভাবেই বানরের ক্ষতি চাই না। আমরা চাই প্রশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে নিরাপদ ও মানবিক উপায়ে বানরগুলোকে এমন স্থানে স্থানান্তর করা হোক, যেখানে মানুষ ও বন্যপ্রাণী উভয়ই নিরাপদ থাকবে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হৃদয় ইসলাম বলেন, এটি শুধু একটি সংগঠনের বিষয় নয়; পুরো এলাকার জননিরাপত্তার প্রশ্ন। ছোট ছোট শিশু ও বয়স্ক মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পরিবেশ ও বন্যপ্রাণী সংশ্লিষ্টরা বলছেন, লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ সাধারণত খাদ্যের সংকট, আবাসস্থল সংকুচিত হওয়া কিংবা মানুষের খাবারের প্রতি অভ্যস্ত হয়ে পড়ার মতো বিভিন্ন কারণে ঘটে। এ ধরনের পরিস্থিতিতে প্রাণীগুলোকে আঘাত না করে বিশেষজ্ঞদের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করাই সবচেয়ে কার্যকর ও মানবিক পদ্ধতি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি শুধু একটি গ্রামের সমস্যা নয়; সময়মতো ব্যবস্থা না নিলে আশপাশের এলাকাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বন বিভাগ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে বন বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেঞ্জ কর্মকর্তাকে বলেছি। আশা করি তারা আজকেই ব্যবস্থা নেবে।
সময়ের আলো/এনএন