অর্ধকোটির কলা বেচাকেনার হাটে ভোগান্তি

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক

2026-11-21T13:27:30+00:00
2026-11-21T13:28:50+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
অর্ধকোটির কলা বেচাকেনার হাটে ভোগান্তি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ১:২৮ পিএম
সংকীর্ণ জায়গায় যানবাহন প্রবেশ, কলা ওঠানো-নামানো ও পরিবহণে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। ছবি : সময়ের আলো
জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কলা নিয়ে আসেন কৃষকেরা। এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা। প্রতিদিন ৪০ থেকে ৫০টি ট্রাকে করে এসব কলা যায় দেশের বিভিন্ন বাজারে। তবে বেচাকেনার পরিধি বাড়লেও বাড়েনি হাটের সুযোগ-সুবিধা। সংকীর্ণ জায়গায় যানবাহন প্রবেশ, কলা ওঠানো-নামানো ও পরিবহণে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, কলার দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা।

‎সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সকাল হতেই হাটজুড়ে শুরু হয় ব্যস্ততা। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও চলছে দরদাম, আবার কোথাও ট্রাকে কলা বোঝাইয়ের প্রস্তুতি। কৃষকেরা কেউ নিয়ে এসেছেন কাঁচা কলা, কেউবা বিক্রির উপযোগী পাকা কলা। এ হাটে কলা বিক্রি হয় প্রতি ১০০ পিস হিসেবে। স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এসব কলা কিনে ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনে করে নিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।

‎স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যায় দুর্গাদহের কলা। এ বাজারকে ঘিরে শুধু কৃষক ও ব্যবসায়ীরাই নন, জীবিকা নির্বাহ করছেন শ্রমিক, পরিবহনচালক, কলা ওঠানো-নামানোর কর্মী ও আড়তদারেরাও।

‎তবে বাজারে কলার সরবরাহ ও বেচাকেনা বাড়লেও সব সময় প্রত্যাশিত দাম পাচ্ছেন না কৃষকেরা। কয়েক দিন বা সপ্তাহের ব্যবধানে দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাদ দিয়ে তাদের লাভের পরিমাণ কমে যাচ্ছে।

‎সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক অহিদুল ইসলাম বলেন, ১০ দিন আগেও প্রতি ১০০ পিস কলা ৪০০ টাকায় বিক্রি করেছেন। এখন সেই কলাই বিক্রি করতে হচ্ছে ২৫০ টাকায়। হাটে কলা নিয়ে এলেও প্রত্যাশা অনুযায়ী পাইকার পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।

‎সদর উপজেলার পাকুড়তলি গ্রামের আমজাদ হোসেন বলেন, ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করছেন তিনি। জমি বর্গা ও উৎপাদন খরচ বাবদ প্রতি বিঘায় তার ব্যয় হয়েছে ৬০ হাজার টাকা। এখন পর্যন্ত প্রায় দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন।
‎
অন্যদিকে, হাটের জায়গা সংকীর্ণ হওয়ায় কলা পরিবহণেও ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। নওগাঁর বদলগাছী উপজেলার নালুকাবাড়ি গ্রামের নিরঞ্জন চন্দ্র বলেন, উত্তরাঞ্চলের অন্যতম বড় কলার হাট দুর্গাদহ। দূরদূরান্ত থেকে এখানে পাইকারেরা কলা কিনতে আসেন। কিন্তু হাটের জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি ও পিকআপ ঠিকমতো প্রবেশ করতে পারে না। এতে কলা ওঠানো-নামানো ও পরিবহনে সময় নষ্ট হয়। হাটের জায়গা সম্প্রসারণ এবং যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা করা হলে ব্যবসা আরও বাড়বে।


‎স্থানীয় কলা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ভোরে কৃষকদের বাগান থেকে কলা কিনে দুর্গাদহ হাটে আনা হয়। প্রতিদিন এ বাজার থেকে ৪০ থেকে ৫০টি ট্রাকে কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।

প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হলেও সেই তুলনায় হাটের সুযোগ-সুবিধা বাড়েনি। ব্যবসার পরিধি বাড়লেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

‎আরেক ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, এ হাটে সাগর, মালভোগ ও চিনি চম্পা জাতের কলা বেচাকেনা হয়। এর মধ্যে চম্পা কলার আমদানি সবচেয়ে বেশি।

‎কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ফলন ভালো হওয়া এবং তুলনামূলক লাভের সম্ভাবনা থাকায় জেলায় কলা চাষের পরিধি বাড়ছে। এক্ষেত্রে দুর্গাদহ কলার হাট স্থানীয় কৃষিপণ্য বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

‎জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, চলতি বছর জেলায় কলার ফলন ভালো হয়েছে। লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহ বাড়ছে। দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
‎
‎জয়পুরহাটের কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুর্গাদহ কলার হাটের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে। প্রতিদিন এ হাটে গড়ে ৪৮ থেকে ৫০ লাখ টাকার কলা কেনাবেচা হয়। এ বাণিজ্য ঘিরে পরিবহণ, শ্রমিক ও আড়তদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে এত বড় বাণিজ্যিক কর্মকাণ্ডের বিপরীতে হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ভোগান্তি বাড়ছে।

সময়ের আলো/এনএন
‎

  বিষয়:   কলা বেচাকেনা  হাট  ভোগান্তি  জয়পুরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: