প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম
বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়েন পর্যটকরা। ছবি : সংগৃহীতবৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকেরা ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে আটকা পড়া পর্যটকদের অনেকেই ট্রলারে করে রওনা দেন। তারা শাহপরীর দ্বীপের জেটিঘাটে পৌঁছাবেন।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এবং সতর্কসংকেত জারি থাকায় ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে এর আগে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকেরা দ্বীপে আটকা পড়েন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার যারা দ্বীপ থেকে ফিরতে চান, তাদের অনেকেই ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, শনিবার সকাল থেকে পাঁচটি ট্রলারে করে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকেরা টেকনাফে ফিরতে শুরু করেছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। আর যারা দ্বীপে থাকতে চান, তারা থেকে যাচ্ছেন। আগামীকাল কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা ওই জাহাজে করে কক্সবাজারে ফিরবেন।
সময়ের আলো/এনএন