ঘুস-দুর্নীতির হরহামেশা রূপ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর ভূমি কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে ঘুস, দুর্নীতি ও হয়রানির নানা অভিযোগ উঠেছে। নামজারি, জমির খাজনা পরিশোধসহ

2026-11-21T12:03:14+00:00
2026-11-21T12:03:14+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
নাজিরহাট পৌর ভূমি কার্যালয়
ঘুস-দুর্নীতির হরহামেশা রূপ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম 
নাজিরহাট পৌর ভূমি কার্যালয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর ভূমি কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে ঘুস, দুর্নীতি ও হয়রানির নানা অভিযোগ উঠেছে। নামজারি, জমির খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি, কাগজপত্র আটকে রাখা এবং দুর্ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী।

অভিযুক্ত কর্মকর্তা হলেন নাজিরহাট পৌর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. ইয়াহিয়া চৌধুরী। তাকে দ্রুত বদলি করে ওই কার্যালয়ে দক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দেয়ালে ডিজিটাল প্লেক্সে ‘আমরা দুর্নীতিমুক্ত’ লেখা থাকলেও বাস্তবে প্রধান কার্যালয়সহ ছয়টি ইউনিয়ন ও পৌর ভূমি কার্যালয়ে ঘুস ও অনিয়মের অভিযোগ রয়েছে। ডিজিটাল ভূমিসেবা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকারি নানা উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমছে না।

অভিযোগকারীদের দাবি, নাজিরহাট পৌর ভূমি কার্যালয়ে নামজারি, খাজনা, জরিপ, মাঠ পরচা ও রেকর্ড সংশোধনের মতো সেবা পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। তবে নির্দিষ্ট অঙ্কের টাকা দিলে দ্রুত কাজ সম্পন্ন হয়। একশ্রেণির কর্মচারী ও দালালদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন বলেও অভিযোগ রয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, জমির নামজারি করতে ন্যূনতম ১০ থেকে ২০ হাজার টাকা দিতে হয়। কাগজপত্রে ত্রুটি থাকলে দাবি করা হয় চার-পাঁচ গুণ বেশি অর্থ। অথচ সরকার নির্ধারিত নামজারি ফি ১ হাজার ১৫০ টাকা। চূড়ান্ত বিএস খতিয়ান প্রকাশের পরও দাগে সামান্য ভুল দেখিয়ে জমির মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। টাকা না দিলে কাজ না করে কাগজপত্র আটকে রাখারও অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা।

এ ছাড়া হাজার টাকার খাজনার চেকের জন্য সমপরিমাণ ঘুস দাবি, ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থাকলেও সমন্বয়ের কথা বলে টাকা চাওয়া এবং ভিপি জমির নামজারিতে বিপুল অর্থ দাবির অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ১৯৭৮ সালের ২৬ জানুয়ারি নানুপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে নিবন্ধিত একটি দলিল দেখিয়ে বলেন, ২৮ শতক জমির নামজারি ও জমা খারিজের জন্য নাজিরহাট ভূমি কার্যালয়ে আবেদন করেন তিনি। এ সময় সহকারী ভূমি কর্মকর্তা তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে কার্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

দিলীপ ঘোষ নামের আরেক সেবাপ্রার্থী বলেন, জমি খারিজের জন্য ওই কর্মকর্তা ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে খারিজ হবে না বলে জানান। তিনি আমার খারিজের সব কাগজপত্র নিজ জিম্মায় নেন।

চুরখাঁহাট বাজারের ব্যবসায়ী শফিউল আলম বলেন, ওই ভূমি কর্মকর্তা নিজের খেয়ালখুশিমতো কার্যালয়ে আসেন। প্রতিটি কাজে ঘুস ছাড়া ফাইলে সই করেন না। একটি কাজের জন্য তাকে কিছু টাকা দিয়েছি। কিন্তু তিনি আরও বেশি দাবি করায় কাজটি হয়নি।

সেবাপ্রার্থীদের অভিযোগ, আরএস ও বিএস খতিয়ান, দলিল, নামজারি এবং ভূমি উন্নয়ন করের রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকার পরও সেগুলো অসম্পূর্ণ বা ভুল বলে হয়রানি করা হয়। অন্যদিকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ তাদের।


সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ভূমি প্রশাসন দেশের অন্যতম স্পর্শকাতর একটি খাত। এখানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ভূমি নিয়ে সামাজিক বিরোধ ও মামলার সংখ্যা বাড়তে পারে। ভূমি জরিপে ভুল ও অনিয়ম দীর্ঘদিনের মামলা-জটিলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, দালাল চক্র উচ্ছেদ এবং মাঠপর্যায়ে দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

অভিযুক্ত পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. ইয়াহিয়া চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তা দেখার পর কোনো জবাব দেননি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নাজিরহাট পৌর ভূমি কার্যালয়  ঘুস-দুর্নীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: