কুমিল্লার চান্দিনায় প্রকৃতিজুড়ে এখন শীতের আবহ। ছবি : সময়ের আলোধানখেতে—মাঠে
জমিছে ধোঁয়াটে
ধারালো কুয়াশা;
ঘরে গেছে চাষা;
ঝিমায়েছে এ-পৃথিবী—
(মাঠের গল্প, জীবনানন্দ দাশ)
বাংলার প্রকৃতি এখন কাব্যময়। নরম ও গভীর। স্নিগ্ধ ও শিশিরভেজা। ঋতুচক্রে এখন হেমন্তকাল। অগ্রহায়ণের শুরুতে প্রকৃতিতে শীতের আগমনি বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। ভোরের আলো ফুটতেই মাঠের ঘাস, গাছের পাতা ও ফসলের উপর জমে থাকা শিশিরবিন্দুতে চোখে পড়ে শীতের উপস্থিতি। কোথাও কোথাও ভোরের কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও সকাল ও সন্ধ্যায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ।
কুমিল্লার চান্দিনায় প্রকৃতিজুড়ে এখন শীতের এমনই আবহ। প্রকৃতির এই পরিবর্তনে ভোরের সকাল যেন নতুন রূপে সেজেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শীতের আগমনি আবহ ছড়িয়ে পড়েছে গ্রামীণ জনপদে। বিশেষ করে মাধাইয়া, বাড়েরা, মাইজখার, এতবারপুর, বরকইট, দোল্লাই নবাবপুর, ও মহিচাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোরের ঘাসে জমে থাকা শিশিরবিন্দু এবং হালকা কুয়াশায় প্রকৃতিতে শোভা পাচ্ছে নতুন সৌন্দর্য। কোথাও ফসলের মাঠে, কোথাও বাড়ির আঙিনায় কিংবা গাছপালার পাতায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনের কথা।
অন্যদিকে এসব এলাকার কৃষকদের ব্যস্ত দেখা গেছে শীতকালীন বিভিন্ন সবজি চাষে। ভোরের আলো ফোটার সাথে সাথেই মাঠে ছড়িয়ে পড়ছেন তারা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ সবজির চারা রোপণ করছেন, আবার কেউ রোপণ করা চারার পরিচর্যা করছেন। কৃষিজমিতে কৃষকদের এমন কর্মব্যস্ততা গ্রামীণ জীবনে শীতের আগমনের আরেকটি পরিচিত দৃশ্য। ভালো ফলনের আশায় উত্তম প্রস্তুতি নিচ্ছেন তারা।
শীতের আগমনে প্রকৃতির পাশাপাশি মানুষের জীবনযাত্রাতেও আসছে পরিবর্তন। অনেকেই সকাল ও রাতে হালকা গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। শীতের পোশাক বের করা, লেপ-কম্বল রোদে দেওয়া এবং শীতকালীন প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করার ব্যস্ততাও শুরু হয়েছে অনেক পরিবারে। অন্যদিকে বাজারে শীতের সবজি আসতে শুরু করায় ক্রেতাদের মধ্যেও বাড়ছে আগ্রহ।
বিশেষ করে গ্রামের মানুষের কাছে শীতের আগমন মানেই খেজুরের রস, পিঠা-পুলির আয়োজন, কুয়াশামাখা সকাল আর নবান্নের উৎসব। নতুন ধানের ঘ্রাণে গ্রামবাংলার ঘরে ঘরে তৈরি হয় নানা রকম পিঠা। শীতের এসব চিরচেনা আয়োজনের অপেক্ষায় রয়েছেন অনেকেই।
তবে শীতের আগমনী বার্তা সবার জন্য সমান আনন্দের নয়। দরিদ্র ও ছিন্নমূল মানুষের কাছে শীত মানেই বাড়তি কষ্টের আশঙ্কা। তাই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই তাদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্রের ব্যবস্থা করা জরুরি। বিশেষ করে মানবিক সংগঠন, সমাজের বিত্তশালী লোকদের এবিষয়ে এগিয়ে আসা প্রয়োজন।
সব মিলিয়ে চান্দিনার প্রকৃতিতে এখন ঋতু পরিবর্তনের স্পষ্ট আভাস। শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা, হিমেল বাতাস আর শীতকালীন সবজি চাষে কৃষকদের ব্যস্ততা- সব মিলিয়ে গ্রামবাংলার চিরচেনা রূপ ফিরে আসতে শুরু করেছে। প্রকৃতির এই নীরব পরিবর্তন যেন জানান দিচ্ছে, শীত আসছে আপন মহিমায়।
সময়ের আলো/এনএন