ফল এখন বিলাসী খাবার

সাইফুদ্দিন তুহিন, চট্টগ্রাম

সারাদেশ

শুল্কহার কমলেও বাজারে বিদেশি ফলের দাম কমছে ধীরে। বাজারে দাম অনেকটা ওঠানামার মধ্যেই আছে। এক দিন দাম কমলে পরের দিন

2026-11-21T01:41:45+00:00
2026-11-21T01:41:45+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফল এখন বিলাসী খাবার
সাইফুদ্দিন তুহিন, চট্টগ্রাম
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৪১ এএম 
সংগৃহীত ছবি
শুল্কহার কমলেও বাজারে বিদেশি ফলের দাম কমছে ধীরে। বাজারে দাম অনেকটা ওঠানামার মধ্যেই আছে। এক দিন দাম কমলে পরের দিন আগের অবস্থানে চলে যায়। দেশের ফলের বাজার এখনও আমদানিনির্ভর। আর বিদেশি ফলমূল এখনও বিলাসী পণ্যের তালিকায়। তাই আমদানি ফলের দাম ক্রেতার একেবারে নাগালে আসা কঠিন মনে করছেন ব্যবসায়ীরা। সম্প্রতি আমদানি ফলের শুল্কহার কমিয়েছে সরকার। কিন্তু বাজারে খুব দ্রুত প্রভাব পড়েনি। ব্যবসায়ীদের দাবি বিদেশ থেকে আমদানির ভরা মৌসুমে ছিল চড়া শুল্কহার। মৌসুম শেষেই শুল্কহার কমানো হয়েছে। তাই দামের তারতম্যের ফারাক খুব দ্রুত স্পষ্ট হচ্ছে না। তবে বিক্রেতারা বলছেন, দাম আগের তুলনায় কমতির দিকে। আর ক্রেতারা বলছেন, কেজিতে ২০-৫০ টাকা কমলেও বাস্তবে সাধারণের নাগালের বাইরে।  

চট্টগ্রাম বন্দর দিয়ে সারা বছরই বিদেশ থেকে ফলমূল আমদানি করা হয়। তবে রমজানের আগে আমদানির পরিস্থিতি বছরের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন। রমজানকেন্দ্রিক ফলের ব্যবসা জমজমাট থাকে নগরীর ফলমন্ডিসহ দেশের বিভিন্ন স্থানে। প্রতি বছরের মতো এবারও রমজান সামনে রেখে শুল্কহার কমানো হয়েছে। নগরীর কোতোয়ালি থানাধীন কদমতলীর ফলমন্ডিতে পাইকারদের আড়ত। সেখানে আমদানি ফল বিক্রি হয় পাইকারি রেটে। বড় বড় কার্টনে বিক্রি হয় ফলমূল। নগরী এবং বিভিন্ন জেলা থেকে খুচরা ব্যবসায়ীরা সেই ফল কেনেন। চট্টগ্রাম নগরী ও আশপাশের খুচরা ব্যবসায়ীদের বড় অবলম্বন ফলমন্ডি। 

বিদেশি ফলমূলের বেশিরভাগ চট্টগ্রাম বন্দরে আসে জাহাজে করে। বিশেষায়িত রিফার কনটেইনারে করে নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরে। চীন, পাকিস্তান, তুরস্ক, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে আমদানি হয়। ভারত থেকে সীমান্ত পথে ফল আমদানি হয়। জাহাজে থাকা ৪০ ফুট দীর্ঘ প্রতিটি রিফার কনটেইনার মূলত ফ্রিজ। জাহাজে সার্বক্ষণিক বৈদ্যুতিক সংযোগ রাখতে হয় এসব কনটেইনারে। জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে নামানোর পরও নির্ধারিত ইয়ার্ডে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয় এসব কনটেইনারে। পরে আমদানিকারকরা বাজারের চাহিদাকে সামনে রেখে ফলমূল খালাস করেন। নিয়ে যান ফলমন্ডিসহ বিভিন্ন পাইকার আড়তে। 

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, চলতি বছরের প্রথম ১০ মাসে বিপুল খেজুর আমদানি করা হয়। বন্দরে রিফার কনটেইনার ভর্তি করা আছে খেজুরসহ আরও ফলমূল। আমদানির জন্য ব্যাংকে আরও এলসি খোলা হয়েছে। এলসির খেজুর, আপেল, মাল্টা চালান বন্দরে পৌঁছলে বাজারে সরবরাহ আরও বাড়বে।

কাস্টমস সূত্র জানায়, সারা বছরের চেয়ে রমজানে খেজুরের চাহিদা বেশি থাকে। বছরে বাংলাদেশ প্রায় ১ লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা থাকে। এসব খেজুরের মধ্যে শুধু পবিত্র রমজানে চাহিদা থাকে ৬০ থেকে ৭০ মেট্রিক টন খেজুর। চাহিদার বিপরীতে বাংলাদেশে খেজুর আমদানি হয়েছে ৭১ হাজার ৪৭২ মেট্রিক টন। সেপ্টেম্বর-অক্টোবরে আমদানি করা খেজুর বন্দর থেকে ছাড় হচ্ছে। পাইকারদের আড়তেও চলে এসেছে। ইফতারের অন্যতম এই উপকরণ খেজুরের ঘাটতি হলেই রোজাদাররা ক্ষোভে ফেটে পড়েন। বিভিন্ন সময় খেজুরের সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনায় তোপের মুখে পড়েছিল সরকার। তবে গত এক দশকে রমজানের আগে খেজুরের সংকট তেমন হয়নি। মাঝে মাঝে পাইকাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে। ওই সময় জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দাম সরবরাহ নিয়ন্ত্রণ করে। 

আমদানিতে আয় বাড়ছে : বিলাসী পণ্যের তালিকায় ফলমূল ওঠার পর সরকারের রাজস্ব আয় বেড়েছে। জ্যামিতিক হারে বাড়ছে ফল আমদানি এবং রাজস্ব আয়। ২০০৯ সালে আমদানি করা ফল থেকে সরকারের শুল্ককর বাবদ রাজস্ব আয় হয় প্রায় ১৮৬ কোটি টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৬৭ কোটি টাকায়। ২০২৬ সালের প্রথম ১০ মাসেই এ খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ২২২ কোটি টাকা। ২০০৯ সালে ফল আমদানিতে গড়ে শুল্ককর আরোপের হার ছিল প্রায় ৫৯ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১২২ শতাংশে দাঁড়ায়। রাজস্ব আয় বৃদ্ধির পেছনে বাড়তি শুল্কহার আরোপ অন্যতম কারণ মনে করছেন কাস্টম কর্মকর্তারা। তবে খেজুরসহ সম্প্রতি তাজা ফলের শুল্কহার হ্রাস করায় অন্তত চার মাস রাজস্ব আয় কম হবে। এরপর রাজস্ব আয়ের খাত আগের মতো বড় হতে পারে বলে কাস্টম কর্মকর্তারা মনে করছেন।

কত কমল শুল্কহার : গেল ১৫ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানি ফলের শুল্কহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক এবং করভার কমানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খেজুর আমদানির ক্ষেত্রে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ বহাল থাকবে। যা বিদ্যমান শুল্কহার থেকে ২০ শতাংশ কম। অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এক মাসের জন্য অরেঞ্জ বা মাল্টা এবং আপেল আমদানিতে করভার কমানোর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতাভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর আওতাভুক্ত আপেলের মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ উভয় ফল আমদানিতে মোট করভার কমছে ৬০ দশমিক ৭৮ শতাংশ। মন্ত্রিসভার বৈঠক শেষে জানানো হয়, রমজান সামনে রেখে ফল আমদানিতে এই শুল্ক ও কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এসআরও জারি নিয়ে ক্ষোভ : আমদানি ফলের শুল্কহার কমানোর পর এখনও এসআরও (সংবিধিবদ্ধ প্রবিধান/নিয়ন্ত্রক আদেশ) জারি হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকার শুল্কহার কমানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের পর এসআরও জারি না হলে সুফল মিলবে না। 

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম সময়ের আলোকে বলেন, শুল্কহার কমালে দাম কমবে। এটা স্বাভাবিক। খেজুরের ক্ষেত্রে শুল্কহার অক্টোবরেই কমাতে হয়। কারণ বিদেশ থেকে আমদানির খেজুর শিপমেন্টের আগেই দাম না কমালে বাজারে সুফল মিলবে না। বর্তমানে চড়া দামে কেনা প্রচুর খেজুর ভর্তি কনটেইনার আছে চট্টগ্রাম বন্দরে। এসআরও জারির পর যা সুফল মিলবে ডেমারেজ খাতে তা ব্যয় হয়ে যাবে। তাই ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে আগেভাগে শুল্কহার কমানো উচিত। তাতে বিক্রেতা এবং ক্রেতা উভয়ে লাভবান হবেন। তবে তিনি বলেন, শুল্কহার হ্রাসের সিদ্ধান্তে বর্তমানে খেজুর, মাল্টা, আপেল, নাশপাতি, মেন্ডারিন সবই দাম কমেছে। 

ফলমন্ডিতে দৈনিক বিক্রি অর্ধশত কোটি : চট্টগ্রামে আমদানি ফলের বড় আড়ত কদমতলীর ফলমন্ডি। বিদেশ থেকে আমদানি করা ফলমূল পাইকাররা এখানেই বিক্রি করেন। আমদানিনির্ভর সব ধরনের ফলমূল পাওয়া যায় ফলমন্ডিতে। মূলত ফলমন্ডির পাইকারদের দামের তারতম্যের প্রভাব পড়ে খুচরা বাজারে। এই আড়তে দৈনিক ৪০-৫০ কোটি টাকার ফল বিক্রি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে খুচরা বিক্রেতারা এই আড়ত থেকে ফল কিনে নেন। পরে খুচরা পর্যায়ে তা বিক্রি করেন। ফলমন্ডির মতো ঢাকার আড়তেও প্রচুর আমদানির ফল বিক্রি হয়।

এ ব্যাপারে তৌহিদুল আলম বলেন, এককভাবে হিসাব করলে ফলমন্ডিতে বেশি আমদানি ফল বিক্রি হয়। ঢাকায় ফলের আড়ত থাকলেও তুলনামূলকভাবে চট্টগ্রামের ফলমন্ডিতে বেশি কেনাবেচা হয়। দৈনিক অন্তত ৪০-৫০ কোটি টাকার ফল বিক্রি হয় এই আড়তে।

খুচরা বাজার পরিস্থিতি : খুচরা বাজারে ধীরে ধীরে কমছে আমদানি ফলের দাম। নগরীর বিভিন্ন স্থানে খুচরা ব্যবসায়ীরা আমদানি ফলের পসরা সাজিয়েছেন। নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারের আশপাশে পসরা সাজানো আছে নানা ফলের। দেশীয় ফলমূলের পাশাপাশি আমদানি ফলের পসরা বেশি চোখে পড়ে। সরেজমিন ঘুরে দেখা যায়, খুচরা ব্যবসায়ীদের সবার কাছেই বেশি মজুদ আপেল ও মাল্টা। এরপর আছে আঙুর, চীনা কমলা নামে পরিচিত মেন্ডারিন, খেজুর, নাশপাতিসহ কয়েক ধরনের ফল। 

দাম জানতে চাইলে খুচরা ব্যবসায়ী আজিম উদ্দিন বলেন, মাসখানেক আগে প্রতি কেজি তিনশ টাকার বেশি ছিল বেশিরভাগ আমদানি ফল। এখন এসব ফলের দাম তিনশ টাকার নিচে।  যেমন আপেল ছিল প্রতি কেজি ৩৫০ টাকা। সেই আপেল এখন মানভেদে ২৭০ থেকে ২৯০ টাকা। মাল্টা মাসখানেক আগেও ছিল প্রতি কেজি ৪শ টাকার বেশি। সেপ্টেম্বরে প্রতি কেজি মাল্টার দাম ৫শ টাকা ছাড়িয়ে যায়। মাল্টা এখন ২৮০ থেকে ৩০০ টাকায় মিলছে। 

কিছু ভালো মানের মাল্টা এখনও প্রতি কেজির দাম ৩৫০ টাকা। মাল্টার দাম অনেক কমলেও আপেলের প্রতি কেজিতে ২০-৩০ টাকা কমেছে। আঙুর এখনও প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা। ভালো মানের আঙুরের দাম সবসময় বেশি থাকে। আনার প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায় স্থির আছে। এই ফলের দাম খুব বেশি কমেনি। নাশপাতি এখনও প্রতি কেজি চারশ টাকার কাছাকাছি।  

বাজারে দাম চড়া, নষ্ট হচ্ছে বন্দরে : চলতি মাসের ৯ নভেম্বর থেকে পৃথক সময়ে চট্টগ্রাম কাস্টম হাউস নিলামে তুলেছে বিপুল আমদানি ফল। ৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে তোলা হয়। এসব পণ্যের নিলামে অংশ নিতে ৪ নভেম্বর থেকে দরপত্র জমা নেওয়া হয়। শেষ হয় ৯ নভেম্বর দুপুরে। এরপর তোলা হয় নিলামে। নিলামে তোলা পাঁচ কনটেইনারে ছিল ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল ও ৭৮ হাজার ৩০০ কেজি তাজা আদা। 

সব মিলিয়ে ১ লাখ ২৫ হাজার ৭৪০ কেজি বা প্রায় ১২৬ মেট্রিক টন পণ্য নিলামে তোলা হয়। এসব পণ্যের সংরক্ষিত মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। বাজারে চড়া দামের সময় কনটেইনারেই ছিল এসব আপেল আদা। এখনও নিলামের অপেক্ষায় আছে মেন্ডারিন নামে ছোট সাইজের বিপুল তাজা ফল। নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারক বন্দর থেকে এসব পণ্য ছাড় করেনি। তাই বিক্রি করে ইয়ার্ড খালি করতে নিলামে তোলা হয় বলে কাস্টম কর্মকর্তারা জানিয়েছেন।

কাস্টমসের সহকারী কমিশনার নাজমুল হোসেন বলেন, পচনশীল পণ্য অগ্রাধিকার ভিত্তিতে নিলামে বিক্রির ব্যবস্থা করা হয়। অন্যথায় কনটেইনারের ভেতর নষ্ট হয়ে যাবে। মূলত আমদানিকারকরা দীর্ঘদিন বন্দর থেকে খালাস না করায় নিলামে তোলা ছাড়া বিকল্প ছিল না। 

সমেয়র আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ফল  বিলাসী খাবার  বাজারে দাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: