১২ ফুট মাটির নিচে মিলল মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারশেল উদ্ধার। ছবি : সময়ের আলোখাগড়াছড়িতে মাটির প্রায় ১০ থেকে ১২ ফুট নিচে পাওয়া গেছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহৃত ৮২ মিলিমিটারের একটি মর্টারশেল। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর তীরে মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে থেকে এটি উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর উপজেলার শালবন কবরস্থান এলাকার বাসিন্দা দিনমজুর মো. বেলাল হোসেন (২৯) নিজের বাড়িতে টয়লেট নির্মাণের জন্য গর্ত খুঁড়ছিলেন। এ সময় মাটির প্রায় ১০ থেকে ১২ ফুট নিচে শক্ত একটি বস্তু দেখতে পান তিনি। পরে সেটি মাটি থেকে তুলে মূল্যবান কোনো বস্তু মনে করে ভাঙারির দোকানে বিক্রি করতে নিয়ে যান।
ওই দোকানে কাজ করতে আসা মো. বাদশার সন্দেহ হলে তিনি বিষয়টি এলাকার বড় ভাই মো. পারভেজ আলমকে জানান। পরে পারভেজ আলম বস্তুটি পরীক্ষা করে সেটি সাধারণ কিছু নয় বলে সন্দেহ করেন এবং সেনাবাহিনীকে খবর দেওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে চেঙ্গী নদীর তীরে মর্টারশেলটি রেখে বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করেন এবং এর পরিচয় শনাক্ত করেন।
খাগড়াছড়ি সদর থানার এসআই সুলতান মো. সাকিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মর্টারশেলটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় এটি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আপাতত ঘটনাস্থল নিরাপত্তার আওতায় নিয়ে মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় মো. পারভেজ আলম বলেন, ছোট ভাই মো. বাদশা বিষয়টি জানালে তিনি বস্তুটি নিয়ে আসতে বলেন। পরে সেটি দেখে তার সন্দেহ হয়। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়ার জন্য বাদশাকে পরামর্শ দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে মর্টারশেলটি উদ্ধার করেন। বেলাল হোসেন বাড়ির টয়লেট নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে প্রায় ১২ ফুট নিচে এটি পেয়েছিলেন।
মো. বেলাল হোসেন বলেন, বাড়িতে টয়লেট নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মাটির প্রায় ১০ থেকে ১২ ফুট নিচে শক্ত একটি বস্তু দেখতে পান। মাটি সরিয়ে সেটি বের করার পর প্রথমে বুঝতে পারেননি এটি মর্টারশেল। পরে ভাঙারির দোকানে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। মো. বাদশা তাকে বিষয়টি জানানোর পর তিনি বস্তুটি তার কাছে দিয়ে দেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মো. করিম বলেন, বসতবাড়ির পাশে এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তারা আতঙ্কিত। এলাকায় অনেক মানুষের বসবাস থাকায় দ্রুত এটি নিরাপদে নিষ্ক্রিয় করা প্রয়োজন।
আরেক বাসিন্দা শুভ দে বলেন, মর্টারশেল উদ্ধারের পর থেকেই এলাকার মানুষের মধ্যে ভয় কাজ করছে। বিশেষ করে শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত। দ্রুত এটি নিষ্ক্রিয় করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জনবসতিপূর্ণ এলাকায় পুরোনো এই মর্টারশেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী।
সময়ের আলো/জোই