সময়ের আলোর ফাইল ছবিভোলার চরফ্যাশন উপজেলা রসালো তরমুজ উৎপাদনের জন্য দেশজুড়ে পরিচিত। এখানকার মাটি ও আবহাওয়া তরমুজ চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় প্রতি মৌসুমে বিপুল পরিমাণ তরমুজ উৎপাদিত হয়। তবে এবার মৌসুমি তরমুজের পাশাপাশি আগাম তরমুজ চাষেও ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা।
খরস্রোতা তেঁতুলিয়া নদীর তীরবর্তী বালুমাটিতে আধুনিক মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষ করে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছেন চরফ্যাশনের কৃষকরা। গত বছরের তুলনায় এবার আগাম তরমুজের আবাদ বেড়েছে প্রায় ১০ গুণ। ফলনও হয়েছে আশাব্যঞ্জক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর চরফ্যাশনে মাত্র ১৫ একর জমিতে আগাম তরমুজের আবাদ হয়েছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ একরে। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় বৃষ্টির ঝুঁকি মোকাবিলা করে মালচিং পদ্ধতিতে উন্নত জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষকরা।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ বছর আগাম জাতের তরমুজের ফলন অত্যন্ত ভালো হয়েছে। গত বছরের তুলনায় আবাদি জমির পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে কৃষকরা আগাম তরমুজ চাষে ভালো ফলাফল পাচ্ছেন।
চরফ্যাশনে চাষ হওয়া আগাম তরমুজের উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে সুপার কিং, থাই কিং, থাই সুপার, নিউ সুপার, গ্রেড ওয়ান ও আর্লি ওয়ানসহ বিভিন্ন জাত। এসব তরমুজ বাজারে বিক্রি করে কৃষকরা ভালো দাম পাওয়ার আশা করছেন।
কৃষকদের দেওয়া তথ্যমতে, প্রতি একর জমিতে উৎপাদিত তরমুজ প্রায় ৫ লাখ টাকায় বিক্রি করা যাচ্ছে। উৎপাদন খরচ বাদ দিয়ে একরপ্রতি ২ থেকে ৩ লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে। ফলে আগাম তরমুজ চাষে দিনদিন আগ্রহ বাড়ছে কৃষকদের।
তরমুজ চাষি আলাউদ্দিন, জামাল ও ছগির জানান, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় চরের জমিতে আগাম তরমুজসহ উচ্চমূল্যের বিভিন্ন ফসল চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকল্পের প্রদর্শনীর আওতায় আগাম তরমুজ চাষের জন্য উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এসব সহযোগিতা কাজে লাগিয়ে তারা আগাম তরমুজ চাষে ভালো লাভের মুখ দেখছেন। কৃষক মামুন বলেন, বড় ধরনের ঝড়-বৃষ্টি না হলে এবার তরমুজ চাষে ভালো লাভ হবে বলে আশা করছি। তবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
আরেক কৃষক রহিম জানান, গত বছর ২০ শতাংশ জমিতে তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ৪০ শতাংশ জমিতে আবাদ করেছেন। এবারও ফলন ভালো হচ্ছে। শিলাবৃষ্টি বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো লাভের আশা করছেন তিনি।
কৃষকরা জানান, সাধারণত মৌসুমে একসঙ্গে সব তরমুজ বাজারে আসায় সরবরাহ বেড়ে যায় এবং ন্যায্যমূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এতে অনেক সময় লোকসানের ঝুঁকিতে পড়তে হয় তাদের। তবে আগাম তরমুজ চাষের ফলে মৌসুমের আগেই বাজার ধরার সুযোগ তৈরি হয়েছে। মালচিং পদ্ধতিতে চাষ করায় উৎপাদন খরচও তুলনামূলক কমেছে এবং ফলন ভালো হয়েছে।
কৃষক ও স্থানীয়দের আশা, কৃষি বিভাগের কারিগরি সহায়তা, উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকলে চরফ্যাশনে আগাম তরমুজ চাষ আরও সম্প্রসারিত হবে। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়বে, অন্যদিকে চরাঞ্চলের কৃষিতে তৈরি হবে নতুন সম্ভাবনা।
সময়ের আলো/জোই