ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপর্যস্ত সাতক্ষীরা, ক্ষতির শঙ্কা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে

2026-11-20T20:58:11+00:00
2026-11-20T20:59:12+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপর্যস্ত সাতক্ষীরা, ক্ষতির শঙ্কা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম  আপডেট: ২০.১১.২০২৬ ৮:৫৯ পিএম
সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে তারা দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। ছবি : সময়ের আলো
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যান ও রিকশাচালক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অন্যদিকে পাকা আমন ধান ও সরিষার আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। পাশাপাশি উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভাঙনের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

দুই দিনের বৃষ্টিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অধিকাংশ মানুষ। এতে আয়-রোজগার কমেছে শ্রমজীবীদের। সড়কে যাত্রী কম থাকায় ভ্যান ও রিকশাচালকদের অলস সময় কাটাতে হচ্ছে। অন্যদিকে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

কলারোয়ার কৃষক গোলাম রসুল বলেন, ধান কাটার প্রস্তুতির মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। জমিতে পানি জমলে পাকা ধান ও সরিষার চারার ক্ষতি হতে পারে। বৃষ্টি না থামায় মাঠে নামাও সম্ভব হচ্ছে না।

নওয়াপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দীন জানান, সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত বৃষ্টি না থামলে মাঠে থাকা ধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

আশাশুনি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। কাটা ধানের কিছু অংশ শুকানোর জন্য মাঠে রাখা হয়েছিল। কিন্তু বুধবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সেসব ধান ভিজে গেছে। কোথাও কোথাও ধানের শিষ পানিতে ডুবে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ধানে অঙ্কুরোদ্‌গম, পচন এবং শিষ থেকে ধান ঝরে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, দুই দিনের বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। বৃষ্টি থামার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতির পরিমাণ জানা যাবে। ঝড় না হলে পাকা আমনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। তবে জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে সরিষার চারার ক্ষতি হতে পারে। এ কারণে কৃষকদের নালা কেটে জমি থেকে পানি সরানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও এখনই তীব্র শীতের সম্ভাবনা নেই। তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।


এদিকে বৃষ্টির পর স্যাঁতসেঁতে আবহাওয়া ও তাপমাত্রার ওঠানামায় সর্দি-কাশি, ভাইরাল জ্বরসহ বিভিন্ন মৌসুমি রোগের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৭.১ পোল্ডারের প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদী ও খালের দিকে চলে গেছে। এতে প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শ্যামনগরের কয়েকটি বেড়িবাঁধও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ঘূর্ণিঝড়  আকভান  সাতক্ষীরা  ক্ষতির শঙ্কা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: