রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : খলিলুর রহমান

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও

2026-11-20T19:18:50+00:00
2026-11-20T19:18:50+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : খলিলুর রহমান
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম 
রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ। ছবি : সময়ের আলো
২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। নিজ দেশে ফেরার ক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গাদের সঙ্গে সংহতি জানাতে তিনি সেখানে যান।

সকাল ৯টার দিকে সমাবেশস্থলে পৌঁছে খলিলুর রহমান বলেন, দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রোহিঙ্গাদের নাম উচ্চারিত হয়েছে। ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাগুলো গণহত্যা। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও ভোগান্তির বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

তিনি বলেন, যারা এই দিনটি দেখে যেতে পারেননি, তাদের স্মরণ করতে হবে। রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা ভুলে যাওয়ার সুযোগ নেই। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের তদন্তের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, তারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। দেশটির সঙ্গে তাদের বহু প্রজন্মের সম্পর্ক রয়েছে। তাদের পরিচয় ও অধিকার অস্বীকার করে এই সংকটের সমাধান সম্ভব নয়। নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।


প্রত্যাবাসনের শর্ত তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি। কোনোভাবেই জোরপূর্বক প্রত্যাবাসন নয়; এটি হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারের ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে ভূমিকা রাখার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। এ ছাড়া আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের পাশাপাশি উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অবদানের কথাও তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠী যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সংকটের পুরো দায়িত্ব বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।

খলিলুর রহমান বলেন, ১৯ নভেম্বর ২০২৬ তারিখটি যেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথচলার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকে। আইসিজের রায়কে শুধু ন্যায়বিচারের স্বীকৃতিতে সীমাবদ্ধ না রেখে দীর্ঘদিনের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে।

সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গাদের মধ্যেও আইসিজের রায়কে ঘিরে আশা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা দীর্ঘদিনের নির্যাতনের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির দাবি জানান।

সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন খলিলুর রহমান।

সময়ের আলো/জোই
  বিষয়:   রোহিঙ্গা  খলিলুর রহমান  আইসিজে  আন্তর্জাতিক বিচার আদালত  নিরাপদ প্রত্যাবাসন  মিয়ানমার  গণহত্যা  উখিয়া  কক্সবাজার  জাতিসংঘ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: