নিজ জন্মভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গা মানুষগুলো । ছবি : সংগৃহীতকক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গতকাল ছিল এক অন্যরকম দিন। হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছেন। সবার চোখে-মুখে উৎকণ্ঠা, উদ্বেগের ছাপ। গণহত্যার মুখ থেকে ফিরে আসা মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটি রায় শোনার জন্য। মনে প্রশ্ন, তাদের ওপর চালানো পাশবিক নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতি কি মিলবে? হেগের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচার করা রায় শোনাবেন। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আইসিজে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রায় শোনাল। তা শুনেই উচ্ছ্বাসের আভা ফুটে উঠল নিজ জন্মভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গা মানুষগুলোর চোখে। বিচারকরা বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। এমনকি গণহত্যার প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছে দেশটি।
২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। কয়েক দিনের মধ্যে নাফ নদ পেরিয়ে ছোট ছোট নৌকায় পাহাড়ি ঢলের মতো রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেয়। ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। সাত বছর বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হলো।
আইসিজের রায় অনুযায়ী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। ৯-৬ ভোটে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি দেওয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে দায়ী করেছে আদালত। রায়ে ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইনে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারের লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, এই জনগোষ্ঠীর আকার বিবেচনায় গণহত্যা সনদের উদ্দেশ্যে তাদের ‘গুরুত্বপূর্ণ বা বিশাল অংশ’ হিসেবে গণ্য করা যায়। রায়ে আরও বলা হয়, বিদ্বেষমূলক বক্তব্যে রোহিঙ্গাদের ‘অমানুষ’ হিসেবে তুলে ধরা হয়েছিল। ২০১৭ সালের অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে এ ধরনের বক্তব্য ছড়িয়েছে। রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচারের সঙ্গে সামরিক অভিযানের যোগসূত্রও পেয়েছে আদালত।
আদালত আরও বলেছে, রাখাইনে অভিযানের সময় গণহত্যার প্রমাণ ধ্বংসের চেষ্টা করেছে মিয়ানমার। মরদেহ পুড়িয়ে বা অন্যভাবে সরিয়ে ফেলা হয়েছে। যেসব এলাকায় সামরিক অভিযান চালানো হয়েছিল, সেসব স্থানও আগুনে পুড়িয়ে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ২০১৭ সালে সংঘটিত ঘটনার কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ে আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক বলেছেন, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। রায়ে তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে। কিছু সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার ‘কয়েক দশক ধরে’ তাদের প্রতি বৈষম্য করে আসছে। অথচ তারা একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। একই সঙ্গে রাখাইনে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আদালত। বিচারক ইউজি বলেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় প্রায় দশ হাজার রোহিঙ্গাকে ‘নৃশংসভাবে হত্যা করা হয়েছিল’।
রায়ে আদালত বলেছে, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনী এবং সাধারণ ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে। গণহত্যা ও গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ করা অন্যান্য অপরাধের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতাও দেশটি লঙ্ঘন করেছে। এ সিদ্ধান্তের পক্ষে ভোট পড়েছে ১১টি, বিপক্ষে চারটি। তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যার উসকানি দেওয়ার অভিযোগে মিয়ানমারকে দায়ী করেনি আদালত। এ বিষয়ে ১৪ জন বিচারক একমত হয়েছেন। একজন বিচারক ভিন্নমত দিয়েছেন।
গণহত্যা প্রতিরোধ এবং শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্বের মধ্যে পড়ে বলে রায়ে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। তিনি বলেন, আদালত স্বীকার করে, যেকোনো রাষ্ট্রকে গণহত্যা বা এ ধরনের অন্যান্য কর্মকাণ্ডের জন্য দায়ী করা যেতে পারে, যদি সেগুলো রাষ্ট্রের নিজস্ব কোনো অঙ্গ বা প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত হয় যাদের কর্মকাণ্ডের দায়ভার ওই রাষ্ট্রের ওপরই পড়ে।
তিনি উল্লেখ করেন, ব্যক্তি বিশেষ যেখানে ফৌজদারি দায়বদ্ধতার মুখোমুখি হন, সেখানে রাষ্ট্রের ওপরই আইনি বাধ্যবাধকতা বর্তায়। বিচারক ইউজি বলেন, এই বাধ্যবাধকতাগুলো আন্তর্জাতিক আইনের অধীনে এক ধরনের দায়বদ্ধতা কিন্তু এগুলো ফৌজদারি প্রকৃতির নয়।
রায়ের স্বচ্ছতা নিশ্চিতে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি এ মামলার পটভূমি এবং আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছে, তা তুলে ধরেন। বিচারপতি ইউজি ব্যাখ্যা করেন যে, গণহত্যা সংক্রান্ত আগের রায়গুলোর মতো এ মামলায় নিজেদের পর্যবেক্ষণের সপক্ষে আইসিজের কাছে তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই। তাই তিনি বলেন, তথ্য-উপাত্ত নির্ধারণের জন্য আইসিজেকে কেবল পক্ষগুলোর দেওয়া প্রমাণের ওপরই নির্ভর করতে হচ্ছে।
বিচারপতি জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি এবং সাক্ষ্যদানের বিষয়গুলো বিবেচনায় নেবে, যার মধ্যে জবানবন্দির ধরন এবং কোন পরিস্থিতিতে সেগুলো দেওয়া হয়েছে, তা-ও অন্তর্ভুক্ত থাকবে। যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের প্রতিশোধের শিকার হওয়ার ভয়কেও আদালত বিবেচনায় নিচ্ছে বলে তিনি যোগ করেন।
ইউজি জানান, মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছেন, যারা ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন। তিনি বলেন, গাম্বিয়ার সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার সাক্ষ্য দিয়েছেন, সেগুলোর বিবরণে আদালত তাদের বিশ্বাসযোগ্য বলে মনে করেছে। সাক্ষীদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময় অখণ্ডিত ছিল (কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি)।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরোপিত বিধিনিষেধ কীভাবে তাদের জন্মহারকে প্রভাবিত করেছিল রায়ে সেটিও উল্লেখ করেছেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায়ে ইউজি উল্লেখ করেন, মিয়ানমার এমন একটি আদেশ জারি করেছিল যেখানে বাঙালি হিসেবে পরিচিত মানুষদের বিয়ের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতো এবং বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সীমিত রাখতে হতো। রোহিঙ্গাদের সর্বোচ্চ দুটি সন্তান জন্মদানের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
বিচারক ইউজি বিষয়টি ব্যাখ্যা করেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার সীমিত করতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল এ জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে আনা। রায়ে আদালত বলেছে, এ পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া একটি জোর-জবরদস্তিমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে এই গোষ্ঠীর ভেতরে জন্মহার হ্রাস করা। যার মধ্যে শুদ্ধি অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।
অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এ বিষয়টি রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবৃদ্ধি রোধ করার ক্ষেত্রে রাষ্ট্রের অভিপ্রায়ের ‘ইঙ্গিতবাহী’। শুদ্ধি অভিযানের সময় যৌন সহিংসতার কথা উল্লেখ করে বিচারক ইউজি রায়ে বলেন, এ জনগোষ্ঠীর ‘সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার’ উদ্দেশ্যেই এটি ঘটানো হয়েছিল।
আইসিজের এ রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেছেন, এ রায় বিশ্বজুড়ে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মতে, মিয়ানমারের উচিত দ্রুত আদালতের রায় মেনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করা।
আইসিজের রায় ইতিবাচক : ঢাকা
মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে এবং গণহত্যা কনভেনশনের অধীন তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ৯-৬ ভোটে দেওয়া এক আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে আইসিজে।
আদালতের এ রায়কে তাৎক্ষণিকভাবে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। রায় সম্পর্কে বিস্তারিত প্রতিক্রিয়া শুক্রবার জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে। আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা এই প্রথম। রায়ে ক্ষতিপূরণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এর ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফল আসতে পারে। বাংলাদেশের জন্যও এর ইতিবাচক প্রভাব রয়েছে। এই বড় সংকটের সমাধানে কীভাবে সামনে এগোনো যায়, সে ক্ষেত্রেও রায়টির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও রায়টিকে ঐতিহাসিক ও ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, গত ১০ বছর ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। ২০১৭ সালে তাদের বাংলাদেশে আসা শুরু হয়। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্যও এটি ইতিবাচক রায়।
গাম্বিয়া এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তায় এগিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে শামা ওবায়েদ বলেন, এত বছর ধরে বিভিন্ন দেশ ও সংস্থা অর্থায়ন এবং মানবিক সহায়তার মাধ্যমে রোহিঙ্গাদের পাশে রয়েছে। আইসিজের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের তাৎপর্য এবং বাংলাদেশের জন্য এর প্রভাব নিয়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এই রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করা হতে পারে।
আইসিজের এই আদেশে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পাশাপাশি ক্ষতিপূরণ, বিচার এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।
আদালতের মতে, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে। ফলে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পৃথক কার্যক্রমে নির্ধারণ করা হবে।
এ ছাড়া গণহত্যার সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত করে বিচার ও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন আদালত। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে ফিরে যাওয়ার ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করতেও মিয়ানমারকে বলা হয়েছে। একই সঙ্গে দেশটির পক্ষ থেকে চালানো অভিযানকে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ হিসেবে দাবি করার বিষয়টি আদালত খারিজ করেছেন।
উল্লেখ্য রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এ উদ্যোগে সমর্থন দেয়।
এর আগে ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
সময়রে আলো/প্রিন্ট/এসকে