আইসিজের রায়কে স্বাগত ঢাকার, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এই রায়কে

2026-11-19T21:49:05+00:00
2026-11-19T21:49:05+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
আইসিজের রায়কে স্বাগত ঢাকার, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এই রায়কে সম্মান জানিয়ে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। এ প্রক্রিয়ায় কার্যকর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়েরও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম। 

হুমায়ুন কবির বলেন, আইসিজে’র রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আপনারা হয়ত দেখে থাকবেন, এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানাল আইসিজে।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা করা হয়েছে। অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতের বিচার প্রক্রিয়ায় প্রথমবারের মতো এমনটা ঘটল।

ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি আক্রান্ত দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটা ইতিবাচক ফল এখানে আছে। সুতরাং বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব থাকবে।

রোহিঙ্গা সংকট সমাধানে এ রায়ের গুরুত্ব তুলে ধরে হুমায়ুন কবির বলেন, আমি যেভাবে বলেছি, প্রথমবারের মতো আইসিজে কোনো দেশকে গণহত্যার জন্য নিন্দা করল। এই বিশাল সংকট সমাধানের দিকে আমরা কীভাবে এগোতে পারি, সেক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে।


অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রায় মেনে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর বিষয়ে আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করব, মিয়ানমার সরকার কিছুটা হলেও তারা বুঝতে পারবে, আরাকান আর্মি বুঝতে পারবে যে, এই রোহিঙ্গা জনগোষ্ঠী তারা তাদের নিজের দেশে সম্মানের সঙ্গে ফেরত যেতে চায় এবং আজকের রায়কে তারা সম্মান জানাবে। সম্মান জানিয়ে তারা এই রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়াটা শুরু করবে। 

তিনি আরও বলেন, আজকে অবশ্যই একটি ঐতিহাসিক দিন। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের এটা ইতিবাচক খবর। আজ যে রায়টা হয়েছে, সেই রায়টা অত্যন্ত পরিষ্কার। এই রায়ে বলা হয়েছে, মিয়ানমার গণহত্যা চালিয়েছে, সেটা খুবই পরিষ্কার।

শামা ওবায়েদ বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যে কার্যক্রম তারা চালিয়েছে, সেটা এই রায়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে। শুধু এটাই নয়, আরও যে অনেক অন্যায়-অবিচার তারা করেছে, এই রায়ের ডিটেইলসে ফুটে উঠেছে।

রায়ের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করেন শামা ওবায়েদ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে মনে হয়, এটাতে বাংলাদেশের অবস্থানটা আরও জোরদার করবে। বহু বছর ধরে বাংলাদেশ সরকার বলে আসছে, মিয়ানমারের সঙ্গে কথা বলে আসছে এবং আমরা যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার চেষ্টা করছি, রোহিঙ্গা সমস্যাটাকে বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছি, আমরা যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে রোহিঙ্গা নিয়ে একটি হাই-লেভেল ইভেন্ট করেছি— এই সবকিছুকে আরও জোরদার করবে আজকের এই রায়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই রায়ের ওপর ভিত্তি করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে যথেষ্ট চাপ আন্তর্জাতিক সম্প্রদায় চাইলে দিতে পারে, যেন আমরা যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারি।

এদিকে আইসিজের রায়কে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বুধবার উদ্বেগ জানান জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার কেলি এম কারি।

এ বিষয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, অবশ্যই আমরা সজাগ। দেখুন, আমরা যদি মিয়ানমার সরকার বা রাখাইন স্টেটে আরাকান আর্মি গত ১০-১২ বছর ধরে বা বহু বছর ধরে যা তারা এই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর করছে, যেই পরিমাণ অত্যাচার তারা করছে, যেই পরিমাণ খুনখারাবি তারা করছে, তাদের যদি বিন্দুমাত্র অনুশোচনা থাকত, তাহলে তো সেটা তাদের কাজে বোঝা যেত।

তিনি বলেন, অবশ্যই সেটা একটা শঙ্কা আছে। তবে, আমরা অবশ্যই সজাগ আছি। আমাদের যারা ওখানে ফিল্ডে আছে, যারা বর্ডারে আছে, যারা আমাদের বিভিন্ন সংস্থা, যারা এই বর্ডার ইস্যুজ প্রতিদিন দেখছেন, মোকাবিলা করছেন, তত্ত্বাবধান করছেন, তারাও সজাগ আছেন।

এ সময় মামলাটি করার জন্য গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এই বিশাল জনগোষ্ঠীর মানবিকতার দিক বিবেচনা নিয়ে তারা মামলাটি করেছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে যে অবিচার, অত্যাচার, অনাচার এবং জেনোসাইড হয়েছে বা হচ্ছে, তার বিরুদ্ধে গাম্বিয়া দাঁড়িয়েছে। এবং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়, যারা এত বছর ধরে অর্থায়নে সহযোগিতা করছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে এবং বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আইসিজের রায়  ঢাকা  রোহিঙ্গা প্রত্যাবাসন  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: