পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন

2026-11-19T20:45:35+00:00
2026-11-19T20:45:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ আবেদনের শুনানি আগামী রোববার (২৩ নভেম্বর) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেন।

এর আগে বুধবার একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখা অথবা বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটি বৃহস্পতিবার চেম্বার আদালতের কার্যতালিকায় ৭ নম্বর ক্রমিকে ওঠে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

আইনজীবী কামরুন নাহার মাহমুদ জানান, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চাইলেও চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয় না করার অভিযোগে রিটটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ গত বৃহস্পতিবার এ রিট করেন।


রিট আবেদনকারীর ভাষ্য, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাঁদের সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা ডিসেম্বরে শুরু হওয়ার কথা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনকারীর দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানিয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলো বিষয়টি বিবেচনায় নেয়নি। এসব কারণেই রিটটি করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পাবলিক বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষা  রাষ্ট্রপক্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: