প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি : সংগৃহীত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদনের সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের ফল প্রকাশের জন্য পর্যাপ্ত সময় রেখে ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলে এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনে কোনো সমস্যা হবে না। এসব পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। আর বুয়েটে ভর্তির আবেদনপ্রক্রিয়া চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে কি না, জানতে চাইলে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সভা চলাকালে আদালতের রায়ের বিষয়টি সামনে আসে। এ খবর জানার পরই ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এর আগে ১৬ জানুয়ারি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। রিটের বিষয়টি জানার পর ১ ফেব্রুয়ারি তারিখ চূড়ান্ত করা হয়।
উপাচার্য আরও বলেন, ‘আমরা এই রিটে যাব না। কারণ, আমরা তো শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছি।’
এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন আদালত।
বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
হাইকোর্টের আদেশের পর বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের ফলে সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদেরও ভর্তির আবেদন করার সুযোগ তৈরি হয়েছে।
সময়ের আলো/জেডি