প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ পিএম
আগামী ২২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। সংগৃহীত ছবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা, ই ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি১ ইউনিট ও আইবিএ-জেইউর জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সব ইউনিটের আবেদন ফির ওপর ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।
শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।
সময়ের আলো/ইউএমএইচ