জেন-জি প্রজন্মের মধ্যে বিদেশে পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে। ছবি : সংগৃহীত নানা কারণে বিদেশমুখী হচ্ছেন নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। কারও স্বপ্ন নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, কারও লক্ষ্য পড়াশোনা শেষে ভালো একটি চাকরি। কিন্তু, জেন-জি প্রজন্মের কাছে বিদেশ কেন এত আকর্ষণীয় হয়ে উঠছে?
প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাংস্কৃতিক বৈচিত্র্য, অধিকার ও কার্যক্রমকে তুলে ধরার পাশাপাশি দিবসটি শিক্ষার্থীদের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাসও স্মরণ করিয়ে দেয়।
১৯৩৯ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় জার্মান আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন শিক্ষার্থীরা। স্বাধীন চেকোস্লোভাকিয়া প্রজাতন্ত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাদের ওপর নেমে আসে দমন-পীড়ন। সেই ঘটনার স্মরণেই পরবর্তী সময়ে ১৭ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস হিসেবে পালিত হতে শুরু করে।
সময় বদলেছে, বদলেছে শিক্ষার্থীদের স্বপ্ন ও চাওয়া-পাওয়া। একসময় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া ছিল তুলনামূলক সীমিতসংখ্যক শিক্ষার্থীর স্বপ্ন। এখন সেই স্বপ্ন ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া থেকে শুরু করে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনো তরুণদের মধ্যেও। বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে বিদেশে পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে।
ইউনেসকোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫২ হাজার ৮০০। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ২৪ হাজারের কিছু বেশি। অর্থাৎ, এক দশকে বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কতটা বেড়েছে।
বিদেশে পড়তে যাওয়ার আগ্রহের পেছনে বড় একটি কারণ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার তীব্র প্রতিযোগিতা। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরপরই শুরু হয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি। একটি আসনের বিপরীতে লড়তে হয় অসংখ্য শিক্ষার্থীকে। একই ধরনের প্রতিযোগিতা ক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখা যাচ্ছে।
ফলে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া অনেকের কাছে হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। ভালো ফল থাকার পরও পছন্দের বিষয়ে বা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ না পাওয়ার আশঙ্কা তাড়া করে বেড়ায় শিক্ষার্থীদের। এই প্রতিযোগিতার চাপ থেকে বেরিয়ে বিকল্প শিক্ষাব্যবস্থার সন্ধান করেন অনেকে।
উচ্চশিক্ষা শেষে দেশের একজন শিক্ষার্থীর সামনে সাধারণত কয়েকটি পথ থাকে। কেউ বিসিএসের প্রস্তুতি নেন, কেউ ভালো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেন। আবার কেউ উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমান। প্রতিটি পথেই রয়েছে তীব্র প্রতিযোগিতা ও অনিশ্চয়তা।
এ কারণে অনেক শিক্ষার্থী বিদেশের বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যৎ গড়ার বিকল্প সুযোগ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনা তাদের কর্মজীবনে বাড়তি সুবিধা দেবে।
শুধু উন্নত শিক্ষার আকর্ষণ নয়, দেশের চাকরির বাজারের অনিশ্চয়তাও তরুণদের বিদেশে যাওয়ার অন্যতম কারণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা ২০২৩ সালে ছিল ২৪ লাখ ৬০ হাজার। ২০২৪ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২৬ লাখ ২০ হাজারে।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট সাময়িকীর সেপ্টেম্বর ২০২৬ সংখ্যায় প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী মাধ্যমিক-উত্তর শিক্ষিত তরুণ শ্রমশক্তির প্রায় ৩৬ শতাংশ বেকার।
পড়াশোনা শেষ করে চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় অনেককে। আবার যোগ্যতা ও শিক্ষাগত সনদ থাকার পরও প্রত্যাশিত কর্মসংস্থান না পাওয়ার হতাশা রয়েছে। এমন বাস্তবতায় বিদেশে পড়াশোনার পাশাপাশি সেখানকার চাকরির বাজারে প্রবেশের সম্ভাবনাও তরুণদের আকৃষ্ট করছে।
বিদেশে উচ্চশিক্ষার আগ্রহের ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যেও উল্লেখযোগ্য প্রবণতা দেখা যাচ্ছে। এর পেছনে রয়েছে ব্যক্তিস্বাধীনতা, নিরাপত্তা, আত্মনির্ভরশীলতা ও নিজের মতো করে জীবন গড়ার আকাঙ্ক্ষা।
দেশে চলাচলের পথে অনাকাঙ্ক্ষিত মন্তব্য, গণপরিবহনে নিরাপত্তাহীনতা কিংবা অল্প বয়সে বিয়ের চাপ- এসব অভিজ্ঞতা অনেক নারীকে স্বাধীনভাবে জীবন গড়ার সুযোগ খুঁজতে উৎসাহিত করে।
তবে, জেন-জি প্রজন্মের ভেতর দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে মানেই তারা দেশের প্রতি দায়িত্বশীল নয়, এমন ভাবনা ভুল। তারা অনেকেই পড়াশোনা শেষে দেশে ফিরে আসতে চান, দেশের জন্য ভালো কিছু করতে চান। উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও, তাদের হৃদয়জুড়ে রয়েছে বাংলাদেশ।
সময়ের আলো/মহু