রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট ২০২৬-২৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের

2026-11-16T14:41:43+00:00
2026-11-16T14:41:43+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৪১ পিএম 
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট উদ্বোধনী করেন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। ছবি : সময়ের আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট ২০২৬-২৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আরিফুর রহমান।

টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল রয়েছে। আগামী ২৪ নভেম্বর টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।  উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, খেলাধুলায় প্রতিযোগিতা ও উত্তেজনা থাকবে, তবে তা যেন কোনোভাবেই মাঠ থেকে গ্যালারি কিংবা গ্যালারি থেকে মাঠে ছড়িয়ে না পড়ে। অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ ও অতিথিদের যথাযথ সম্মান জানাতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সুন্দর উদ্বোধনের মতোই সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার সমাপ্তি দেখতে চাই।

তিনি আরও বলেন, এই মাঠ একসময় বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, আশির দশকের দ্রুততম মানবী সুফিয়া খাতুন, অলিম্পিয়ান শিরীন ও সাফজয়ী ফুটবলার নার্গিসের মতো ক্রীড়াবিদদের পদচারণায় আলোকিত হয়েছে। তাদের ঐতিহ্য ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই।


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, খেলাধুলা তরুণ সমাজের সুস্থ শরীর গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবে, তবে খেলোয়াড়দের খেলাকে খেলার মতো করেই দেখতে হবে। রেফারির সিদ্ধান্ত স্বাভাবিকভাবে মেনে নিয়ে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজক হিসেবে চারটি খেলার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আরিফুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচদের স্বাগত জানাই। প্রতিযোগিতার পুরো আয়োজন যেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় এবং সবাই সংযম ও শৃঙ্খলা বজায় রেখে খেলায় অংশগ্রহণ করেন, সেই প্রত্যাশা করছি।

আয়োজকদের মতে, এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ক্রীড়াচর্চা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের আলো/জোই 

  বিষয়:   রাবি  আন্তঃবিশ্ববিদ্যালয়  ফুটবল টুর্নামেন্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: