প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম
সংগৃহীত ছবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্টিকারযুক্ত বা অনুমোদিত গাড়ি ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে রাতের বেলা ক্যাম্পাসে বহিরাগত ও তাদের গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্টিকারযুক্ত বা অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ ও চলাচল করতে পারবে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে। বিশেষ করে রাতের বেলা সব বহিরাগত ও তাদের গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
সময়ের আলো/জোই