প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম
ছবি : সংগৃহীতঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ বা চলাচল করতে পারবে না। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত যানবাহন ছাড়া অন্য যানবাহনের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত যানবাহন ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহ ও অনলাইন শপিংয়ের যানবাহন এবং সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকবে।
মোটরসাইকেলের জন্য জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাঁরা মোটরসাইকেল ব্যবহার করেন, তাঁদের নিরাপত্তা স্টিকার নিতে হবে। এ জন্য আগামী ১৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ অফিস প্রধানের সুপারিশসহ প্রক্টর অফিসে আবেদন জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না।
সময়ের আলো/টিকে