প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম
এআই নির্মিত ছবি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় ও সম্ভাব্য প্রক্রিয়া নির্ধারণে আগামী রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।
সভায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে কী প্রক্রিয়ায় জাতীয়করণের আওতায় আনা যায়, সে বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি এ ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত ও করণীয় নিয়েও মতবিনিময় করবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। সভায় যোগ দিতে ইতোমধ্যে ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে এ উদ্যোগের আওতায় কতটি বিদ্যালয় আসতে পারে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের জন্য কী কী যোগ্যতা ও শর্ত নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
রোববারের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কি না, নাকি প্রাথমিক আলোচনার পর বিদ্যালয়গুলোর তথ্য যাচাই-বাছাই ও সম্ভাব্যতা মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সভার আলোচনায় জাতীয়করণ প্রক্রিয়া নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।
সময়ের আলো/জেডি