প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১১ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাশাহুদ আহমেদ রাফিম, অর্জিতা সূত্রধর, মো. আকতারুল ইসলাম, মো. তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া পারভীন অর্পা, সাদিয়া রহমান, সানজানা জেবিন ছোঁয়া, মো. ফাহিম হাসান মাহদী, অনুস্কা ব্যানার্জী ও আলী হাসান ওয়াহিদ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, সিতারা পারভীন ছিলেন একজন সৎ, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে।
সিতারা পারভীনের আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক কুররাতুল-আইন তাহমিনা। অধ্যাপক সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
সময়ের আলো/টিকে