এআই নির্মিত ছবি। ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তির জন্য বসতে হবে লিখিত পরীক্ষায়। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নিজ এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালাটি জারি করে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিতদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির আবেদন করতে হলে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা। এ পরীক্ষার মোট নম্বর ৫০—বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষা হবে দুই ঘণ্টার।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। সেই হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হতে শিক্ষার্থীর জন্ম হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়সের প্রমাণ হিসেবে আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।
নীতিমালায় প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ গণনা করা হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করে সে অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নিজস্ব ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ভর্তি কার্যক্রম শুরুর আগে বিদ্যালয়কে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্যও সংগ্রহ করতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেটিই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটিতে আবেদন করতে পারবে।
ভর্তিতে কয়েকটি শ্রেণির জন্য কোটা সংরক্ষণের নির্দেশনাও রয়েছে। মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, একই বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন রাখার কথা বলা হয়েছে। এসব কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট আসন সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির কারণে তাদের সন্তানদের ভর্তির ক্ষেত্রেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে হবে। মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলি হলে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হতে হবে। এ শর্ত পূরণ হলে সন্তান নতুন কর্মস্থলের কাছাকাছি সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
ভর্তি আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফরমের দাম সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা রাখা যাবে। পাশাপাশি ভর্তি ফি ও অন্যান্য চার্জের ক্ষেত্রে নির্ধারিত সীমা অনুসরণ করতে হবে। নির্ধারিত অর্থের বেশি আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তবে কোনো অবস্থাতেই নীতিমালা অমান্য করে নির্ধারিত শূন্য আসনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
সময়ের আলো/জেডি