ঢাবিতে ছাত্রদল-শিবিরের মোটরসাইকেল শোডাউন

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে পৃথকভাবে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল

2026-11-11T04:13:07+00:00
2026-11-11T04:13:07+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবিতে ছাত্রদল-শিবিরের মোটরসাইকেল শোডাউন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১৩ এএম 
ঢাবিতে পৃথকভাবে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির । ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে পৃথকভাবে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্পাসে দুই সংগঠনের পৃথক মোটরসাইকেল মহড়া দেখা যায়। 

একই সময়ে একদিকে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন, অন্যদিকে শোডাউন বের করে ছাত্রশিবির। উভয় সংগঠনের কর্মসূচিতে ক্যাম্পাসের নিরাপত্তাহীনতা, ককটেল বিস্ফোরণ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান নেতাকর্মীরা।

ছাত্রদলের শোডাউনে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন। এতে আনুমানিক ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল অংশ নেয়। মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আনুমানিক ৫০ থেকে ৬০ জন। শোডাউনটি টিএসসি থেকে শুরু হয়ে নীলক্ষেত, ফলপাড়া, ভিসি চত্বর, শাহবাগ, কার্জন এলাকা, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার ও জগন্নাথ হল প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা। শোডাউনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের একাধিক নেতা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিদ্দাতুল্লাহ সিদ্দা, কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুল রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন খান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরাও এতে অংশ নেন।


শোডাউন ও বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল হামলা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততা ও নির্বিকার অবস্থানের প্রতিবাদ জানানো হয়।

অন্যদিকে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির নেতাকর্মীরা হলগুলোতে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবি জানান। ক্যাম্পাস ও রাজধানীতে মোটরসাইকেল মহড়া এবং প্রতিবাদ মিছিলের মাধ্যমে সংগঠনটি তাদের অবস্থান তুলে ধরে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ঢাবি  ছাত্রদল  শিবির  মোটরসাইকেল  শোডাউন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: