রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের আহ্বান

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেট

2026-11-10T23:31:39+00:00
2026-11-10T23:31:39+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের আহ্বান
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম 
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করে সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। নির্বাচন আয়োজনের উদ্যোগ না নিয়ে তা বানচালের চেষ্টা করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে শাখা ছাত্রশিবির আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা পূরণের নতুন সুযোগ তৈরি 

হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, দাবি-দাওয়া তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের পথ তৈরি হয়েছে। তাই রাকসুর কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেট কার্যকর করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত হয়।

মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, রাকসুর নতুন তফসিল ঘোষণার দাবিতে তারা প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। তখন যথাসময়ে তফসিল ঘোষণা করা না হলে মাঠ পর্যায়ে কর্মসূচি দেওয়ার কথা জানানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় তারা মানববন্ধন করছেন। এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুভবুদ্ধির উদয় না হলে, তফসিল ঘোষণার উদ্যোগ নেওয়া না হলে এবং নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ভর্তি পরীক্ষার সঙ্গে রাকসুর তফসিল ঘোষণার বিষয়টি কীভাবে সম্পর্কিত, তা তাদের বোধগম্য নয়। গত এক বছরে রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যেসব অধিকার নিশ্চিত হয়েছে, বিগত ৩৫ বছরেও তা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর রাকসু সচল হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে স্থবিরতা কেটেছে, তা কোনো প্রশাসন বন্ধ করার চেষ্টা করবে— এমনটা কেউ যেন স্বপ্নেও না ভাবেন।

শহিদ হবিবুর রহমান হল সংসদের সাবেক ভিপি আহসানউল্লাহ ফারহান বলেন, নির্বাচনে ২৮০টি পদে পরাজিত হওয়া মানেই ভবিষ্যতে আর জয়ের সুযোগ নেই, বিষয়টি এমন নয়। চেষ্টা করলে আগামীতে অন্য দলগুলোও বিভিন্ন পদে জয়ী হতে পারে।

সময়ের আলো/প্রিন্ট/এনএন
  বিষয়:   রাকসু  তফসিল ঘোষণা  সিনেট কার্যকর  আহ্বান  রাবি  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: