প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবিনবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দিতে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ আদেশ জারির পর তাদের পে-ফিক্সেশন করতে হবে। এ প্রক্রিয়ার জন্য অন্তত পাঁচ থেকে সাত দিন সময় দেওয়ার পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী পে-ফিক্সেশন করতে হবে। তবে এ বিষয়ে সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারির পর বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলের পে-ফিক্সেশন করতে হবে। অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারির পর এ সংক্রান্ত করণীয় জানাবে মাউশি। বিষয়গুলো নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি।’
এর আগে গত সোমবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
চিঠির তথ্য অনুযায়ী, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে।
সব মিলিয়ে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা। এ অর্থ বরাদ্দ দিতে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সময়ের আলো/কেএইচও