
চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপের মধ্যে জ্বরসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে। মেডিকেল সেন্টারে ডেঙ্গু এনএস১ ও আইজিজি বা আইজিএম পরীক্ষার ব্যবস্থা না থাকায় এসব পরীক্ষা করাতে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে প্রায় ১৩ থেকে ১৪ কিলোমিটার দূরে যশোর শহরে যেতে হচ্ছে। এতে পরীক্ষার খরচের পাশাপাশি যাতায়াতেও বাড়তি অর্থ ও সময় ব্যয় করতে হচ্ছে।
অথচ মেডিকেল সেন্টারের নির্ধারিত ফি-তালিকা অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য ডেঙ্গু এনএস১ ও আইজিজি বা আইজিএম পরীক্ষার ফি ২১০ টাকা করে। ল্যাবটি সচল থাকলে তুলনামূলক কম খরচে ক্যাম্পাসেই এসব পরীক্ষা করানোর সুযোগ পেতেন তারা।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদ হাসান নাহিদ বলেন, দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকার পর প্রয়োজনীয় পরীক্ষা করাতে তাকে ক্যাম্পাসের বাইরের হাসপাতালে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্যাথোলজি ল্যাবে পরীক্ষার সুযোগ থাকলে শিক্ষার্থীদের অনেক সুবিধা হতো। ভোগান্তি কমাতে দ্রুত ল্যাবটি সচল করার দাবি জানান তিনি।
প্যাথোলজি ল্যাব অচল থাকার কারণ সম্পর্কে মেডিকেল সেন্টারের মেডিকেল অ্যাটেনডেন্ট আশরাফুল ইসলাম বলেন, প্যাথোলজি বিভাগে কোনো টেকনোলজিস্ট না থাকায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ল্যাবের মেডিকেল কিটগুলোও নষ্ট হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. দীপক কুমার মণ্ডল বলেন, ২০২২ সাল থেকে মেডিকেল সেন্টারে প্যাথোলজি ও এক্স-রে সেবা দেওয়া হচ্ছে। এসব বিভাগের জন্য প্রায় ছয় বছর আগে রিজেন্ট বোর্ডের বিশেষ অনুমোদনে দুজন টেকনোলজিস্টকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পদ দুটি স্থায়ী না হওয়ায় টেকনোলজিস্টরা ভালো সুযোগ পেয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যান। একাধিকবার এমন ঘটনা ঘটায় সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, পদ দুটি স্থায়ী করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। বর্তমান উপাচার্যের সঙ্গে আলোচনা করেও পুনরায় চিঠি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এক্স-রে টেকনোলজিস্ট পদের অনুমোদন পাওয়া গেছে। প্যাথোলজি ল্যাবের টেকনোলজিস্ট নিয়োগের বিষয়েও উপাচার্যের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, রিজেন্ট বোর্ডের মাধ্যমে দ্রুত চুক্তিভিত্তিক অথবা দৈনিক মজুরির ভিত্তিতে নতুন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, প্যাথোলজি বিভাগের টেকনোলজিস্ট নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। পদটি অস্থায়ী হওয়ায় জনবল ধরে রাখা কঠিন হচ্ছে, যা সেবা কার্যক্রমে প্রভাব ফেলছে। টেকনোলজিস্ট নিয়োগের বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। চলতি মাসে ছুটি থাকায় আগামী মাসে এ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই