প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
সাবেক রাকসু ভিপি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীতজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন সাবেক রাকসু ভিপি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সঞ্চালনা করবেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম।
আলোচনা সভার আয়োজনের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত বছরও আমরা এ ধরনের আয়োজন করেছিলাম। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা মনে করি, এ দিনের চেতনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সেই ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আমাদের এ আয়োজন।
তিনি আরও বলেন, এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। রাকসুর সাবেক ভিপি হিসেবে রিজভীর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগ ও সম্পৃক্ততা রয়েছে। তাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি সফল ও প্রাণবন্ত হবে।
এদিকে, অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার আগমন ও আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা, নিরাপত্তা ও আনুষঙ্গিক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে যথাযথভাবে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শতভাগ প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সময়ের আলো/এমকে