‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’ পেলেন বাংলাদেশের ১৪১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

কেমব্রিজের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলের স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’ পেয়েছেন বাংলাদেশের ১৪১ শিক্ষার্থী। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬

2026-11-16T19:34:41+00:00
2026-11-16T19:34:41+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষা
‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’ পেলেন বাংলাদেশের ১৪১ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
কেমব্রিজের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলের স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’ পেয়েছেন বাংলাদেশের ১৪১ শিক্ষার্থী। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় কৃতিত্বের জন্য তাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোট ১৬৩টি পুরস্কার পেয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯৮ জন নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ‘টপ ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড পেয়েছেন ৪৫ জন। একাধিক বিষয়ে সামগ্রিক ফলের ভিত্তিতে চারজন পেয়েছেন ‘বেস্ট অ্যাক্রস’ অ্যাওয়ার্ড। এ ছাড়া বাংলাদেশে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী বেছে নেন, এমন বিষয়ে ভালো ফলের জন্য ১৬ জন পেয়েছেন ‘হাই অ্যাচিভমেন্ট’ স্বীকৃতি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। এতে ভিডিও বার্তা দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন যুক্তরাজ্যের শিক্ষা সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে কথা বলেন।


কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সমর্থন রয়েছে। বাংলাদেশের এত শিক্ষার্থীর বিশ্বে সর্বোচ্চ নম্বর অর্জন তাঁদের মেধা ও সম্ভাবনার পরিচয় দেয়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষা শুধু একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া, আত্মবিশ্বাস অর্জন এবং বিশ্লেষণী চিন্তার দক্ষতা গড়ে তোলাও জরুরি। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাঁদের নিজেদের পাশাপাশি শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা শিক্ষা ও জীবনের পরবর্তী ধাপগুলোতে এ সাফল্য কাজে লাগাবে।

কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভালো ফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে থাকে। অনুষ্ঠানে চারটি বিভাগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস  বাংলাদেশের ১৪১ শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: