প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২৭ এএম
পুলিশি পাহারায় তিনি ক্যাম্পাস থেকে বেরিয়ে যানউপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। ছবি : সংগৃহীত প্রায় ১৩ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ত্যাগ করেছেন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। এর আগে, সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশের সহায়তায় উপাচার্য ক্যাম্পাস ছেড়ে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা তার গাড়ির সামনে শুয়ে পড়ে বাধা দেন। এ সময় সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে তিনি নিজ কার্যালয়ে ফিরে গিয়ে সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করেন। সভা শেষে, কর্মকর্তা-কর্মচারীদের জোরালো আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর নানা দাবি-দাওয়া এবং এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতেই এই জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের উপাচার্য দপ্তরে রাত ১০টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। সভায় তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বন্ধের ঘোষণা জানানো হয়।
জারি করা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ১৬ নভেম্বর সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই জরুরি সভায় পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং চলমান অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে আলোচনা করা হয়।
এর আগে, আদালতের রায়ে চাকরিতে ফেরা ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। দিনভর অবরুদ্ধ থাকার পর অবশেষে রাত পৌনে ১২টার দিকে পুলিশি পাহারায় তিনি ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ও অধিকার আন্দোলন কমিটির সদস্য সচিব মো. মিয়া হোসেন রানা বলেন, কর্তৃপক্ষ যেহেতু তিন দিনের সময় নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে, তাই এই নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা আগামী রোববার থেকে আবারও আন্দোলনে নামবেন।
সময়ের আলো/আতা