প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম
‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের ৯৮ জন শিক্ষার্থী। সংগৃহীত ছবি কেমব্রিজের আন্তর্জাতিক পরীক্ষায় অসাধারণ ফলের মাধ্যমে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের ৯৮ জন শিক্ষার্থী। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ফলের জন্য আরও অনেক শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন। ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সব মিলিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের অর্জনে যুক্ত হয়েছে ১৬৩টি আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল ও ইন্টারন্যাশনাল এএস এবং এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফল অর্জনের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট বিষয়ে বিশ্বজুড়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড পেয়েছেন ৯৮ জন শিক্ষার্থী। অন্যদিকে, বাংলাদেশের পরীক্ষার্থীদের মধ্যে কোনো একটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ‘টপ ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড পেয়েছেন ৪৫ জন। একাধিক বিষয়ে সামগ্রিক ফলাফলের ভিত্তিতে ‘বেস্ট অ্যাক্রস’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন চারজন। এ ছাড়া তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ থাকা বিষয়গুলোতে ভালো ফলের স্বীকৃতি হিসেবে ১৬ জন পেয়েছেন ‘হাই অ্যাচিভমেন্ট’ পুরস্কার।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টিরও বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় অসাধারণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের এ ধরনের পুরস্কার দিয়ে থাকে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত রেজা। এ সময় ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। এ ছাড়া ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর বিনয় শর্মা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীর বিশ্বসেরা ফল অর্জন দেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পরিচয় বহন করে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষা কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো, আত্মবিশ্বাস গড়ে তোলা, নতুন বিষয় শেখা এবং বিশ্লেষণী চিন্তার সক্ষমতা অর্জনও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি শিক্ষক ও পরিবারের অবদান রয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজের উন্নয়নেও শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
সময়ের আলো/ইউএমএইচ