ধর্ম-বর্ণ-ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশের সব ক্ষুদ্র গোষ্ঠীর মাতৃভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর

2026-11-17T20:35:08+00:00
2026-11-17T20:35:08+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিক্ষা
ধর্ম-বর্ণ-ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশের সব ক্ষুদ্র গোষ্ঠীর মাতৃভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই- যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা বা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নিজেকে ক্ষুদ্র মনে না করে। 

বুধবার (১৭ নভেম্বর) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এ আলোচনা সভার আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সব সংকীর্ণতার দেয়াল ভেঙে বুদ্ধিবৃত্তিক উদারতা এবং মানবিক সেতুবন্ধন তৈরি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস কেবল উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এই ভূখণ্ডের মানুষের আত্মপরিচয় অনুসন্ধান এবং গণতান্ত্রিক চেতনার উন্মেষের ইতিহাস।

 তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এমন একটি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ভিন্ন মত এবং ভিন্ন সংস্কৃতির চর্চা ও সংলাপ চলবে। সাংস্কৃতিক বহুত্ববাদ এবং উন্নয়ন আলোচনায় নারীর অংশগ্রহণ থাকবে। নারীর সাংস্কৃতিক এবং জ্ঞানভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় মুখ্য আলোচকের বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, বাংলাদেশকে যদি সর্বাত্মকভাবে সুসংহত এবং বহু সংস্কৃতির মিলনক্ষেত্র হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের যেমন সহনশীল ও উদার হতে হবে, তেমনি আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে।

বাংলাদেশ নিঃসন্দেহে বহু সংস্কৃতির দেশ উল্লেখ করে তিনি বলেন, এখানে বাঙালি বা মুসলমান বাঙালিদের সংস্কৃতি প্রধান। পাশাপাশি ক্ষুদ্রতর জনগোষ্ঠীগুলোর নিজস্ব সংস্কৃতি, পরিচয়, খাদ্য ও ভাষা আছে।

তিনি বলেন, নিজের সংস্কৃতি নিয়ে গর্বিত নাগরিকরা যদি দেখে রাষ্ট্র তাদের সংস্কৃতিকে মেনে নিচ্ছে ও সমর্থন করছে, তাহলে তারা অন্য সংস্কৃতির নাগরিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে উদারনৈতিক সমাজ গড়ার চেষ্টা করবে।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির এক ভূস্বর্গ। পুরো পৃথিবীতে সাংস্কৃতিক বহুত্ববাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, মাঝে মাঝে একটা স্বার্থান্বেষী মহল এই ভূস্বর্গটাকে উত্তপ্ত করতে চায়। এই দুষ্টচক্রটিকে আমাদের চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম। এদেশে প্রতিটি মানুষের সমান মালিকানা রয়েছে। সেই বোধ থেকে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুত্ববাদকে মর্যাদার আসনে নিয়ে যেতে হবে। বর্তমান সরকার যে রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।

হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সময় টিভির সিইও জুবায়ের বাবু এবং মানবাধিকার কর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা। 

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  উপাচার্য  অধ্যাপক  বাংলাদেশ  ক্ষুদ্র নৃগোষ্ঠী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: