প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ৬:২০ পিএম
বড়লেখা থানা। ছবি : সময়ের আলো বড়লেখায় প্রায় ৩ বছর ধরে বসতবাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে কলেজছাত্রীর পরিবারকে অবরুদ্ধ রাখার অপরাধে ৫ আসামির প্রত্যেককে দেড় বছরের সশ্রম কারাদণ্ড , ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির দায়েরকৃত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলার (সি. আর-২২৭/২০২৪) রায়ে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামিদের এই রায় ঘোষণা করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিকেলেই আদালত পুলিশ আসামিদের কারাগারে পাঠিয়েছে।
আসামিরা হলেন, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের বাসিন্দা আজাদ হোসেন, আব্দুস সহিদ, আব্দুর রহিম, ফখর উদ্দিন ও নাজিম উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা ১০০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির পরিবারসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সরেজমিনে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করলেও পরবর্তীতে অভিযুক্তরা পুনরায় রাস্তা বন্ধ করে দেয়। অবশেষে ভুক্তভোগীদের পক্ষে আদালতে মামলা করেন কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনি। আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ধারায় প্রত্যক আসামিকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদ-, ২ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত রায় দিয়েছেন।
সময়ের আলো/জোই