হাতির আক্রমণ নয়, হত্যার অভিযোগে ৮ বছর পর মামলা

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাড়ারগজ বনে আট বছর আগে যুবদল নেতা আজমল আলী ওরফে শামীমের (৪৫) মৃত্যুর ঘটনায় সম্প্রতি হত্যা মামলা

2026-11-19T22:58:08+00:00
2026-11-19T22:58:08+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাতির আক্রমণ নয়, হত্যার অভিযোগে ৮ বছর পর মামলা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
হাতির আক্রমণ নয়, হত্যার অভিযোগে ৮ বছর পর মামলা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাড়ারগজ বনে আট বছর আগে যুবদল নেতা আজমল আলী ওরফে শামীমের (৪৫) মৃত্যুর ঘটনায় সম্প্রতি হত্যা মামলা করেছেন তার স্ত্রী রুনা বেগম। এতদিন হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও স্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাটি হাতির আক্রমণ বলে প্রচার করা হয়েছিল। এ ঘটনায় আট বছর পর আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

মঙ্গলবার মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে মামলাটি করেন রুনা বেগম। এতে আজমলের বন্ধু শাহীন চৌধুরীকে (৫৫) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে জুড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালিক বলেন, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত আজমল আলী কুলাউড়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। মামলার আর্জিতে বলা হয়, শাহীন চৌধুরী আজমলের বন্ধু পরিচয়ে তাদের বাসায় যাতায়াত করতেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের জেরে আজমলকে হত্যার পরিকল্পনা করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শাহীন মোবাইল ফোনে যোগাযোগ করে আজমলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে গাজীপুর-সাগরনাল সড়কের লাউয়ের আগা এলাকায় হাড়ারগজ বনে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে মারধর করে হত্যা করা হয়। এরপর হাতির আক্রমণে মৃত্যুর গুজব ছড়ানো হয়।


রুনা বেগমের দাবি, ঘটনার রাতে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলেও স্বামীর মরদেহ কিংবা শাহীন চৌধুরীর মোটরসাইকেল দেখতে পাননি। পরদিন সকালে শাহীন চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মরদেহ উদ্ধার করে। রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন মামলা করার সাহস পাননি বলে জানান তিনি। তার দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহীন চৌধুরী। তার ভাষ্য অনুযায়ী, আজমল তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এটি নেহাত দুর্ঘটনা। তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মামলা করা হয়েছে। সাবেক সংসদ সদস্য এম এম শাহীনও অভিযোগের বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ঘটনার পর তিনি আজমলের স্বজনদের পুলিশের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছিলেন।

সময়ের আলো/প্রিন্ট/জোই
  বিষয়:   হাতির আক্রমণ  হত্যা  অভিযোগ  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: