লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলোপ্রায় দুই দশকের অপেক্ষা, বুকভরা প্রত্যাশা আর নদীভাঙনের ক্ষত নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের দিকে তাকিয়ে ছিলেন তিস্তা পাড়ের মানুষ। সরকারপ্রধান হিসেবে তার প্রথম লালমনিরহাট সফরে নদীভাঙন রোধ ও তিস্তার স্থায়ী সমাধান নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা পাওয়ার আশা করেছিলেন তারা। তবে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, গ্যাসলাইনসহ নানা উন্নয়ন পরিকল্পনার কথা শোনালেও তিস্তা নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নদীপাড়ের বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক দিনের সফরে লালমনিরহাটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করেন তিনি।
এ সময় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠনের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলহাট পানি নিষ্কাশনের লক্ষ্যে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন। এ সময় লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
জনসভায় দেওয়া বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান প্রশ্ন তোলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করা হয়নি। একই সঙ্গে এ অঞ্চলে গ্যাসলাইন ও ইপিজেড স্থাপন না হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী মাস থেকে ফ্যামিলি কার্ডের আওতায় নারীদের মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি কৃষক কার্ড, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, প্রাথমিক শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি এবং ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ ছাড়া চলমান নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে সফরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার ঘোষণা এলেও তিস্তা নদীর ভাঙন রোধ, পানি সংকট ও নদীপাড়ের মানুষের স্থায়ী সুরক্ষা নিয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না আসায় হতাশ স্থানীয়রা। তাদের প্রত্যাশা ছিল, প্রধানমন্ত্রী সরাসরি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগের কথা জানাবেন।
তিস্তা পাড়ের বাসিন্দা ও কৃষক মফিজুল ইসলাম বলেন, প্রতিবছর বর্ষায় ভাঙন আর শুকনো মৌসুমে পানির কষ্টে আমাদের সব শেষ হয়ে যায়। প্রধানমন্ত্রী আসছেন শুনে খুব আশা করেছিলাম, তিস্তা নিয়ে তিনি একটা বড় কথা বলবেন, আমাদের বাঁচার পথ দেখাবেন। কিন্তু তার বক্তব্যে তিস্তার সুনির্দিষ্ট আশ্বাস শুনলাম না, মনটা একটু খারাপই লাগল।
নদীপাড়ের আরেক বাসিন্দা রিনা বেগম বলেন, নদীর কিনারে ঘরবাড়ি নিয়ে কতবার যে ভিটামাটি হারালাম, তার হিসাব নেই। ভেবেছিলাম সরকারপ্রধান এসে তিস্তা পাড়ের মানুষের দুঃখের কথা বলবেন, স্থায়ী কোনো আশ্বাস দেবেন। সেটা না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি। তবু আশা ছাড়ছি না, হয়তো সামনে আমাদের কথা ভাববেন।
স্থানীয় যুবক শরিফুল ইসলাম বলেন, ‘তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড বা বড়বড় পরিকল্পনার কথা শুনে ভালো লেগেছে। কিন্তু আমাদের লালমনিরহাটের মূল সমস্যা তো তিস্তা। তিস্তা বাঁচলে এই অঞ্চলের মানুষ বাঁচবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে তিস্তা ইস্যুটা সেভাবে না থাকায় আমরা আশাহত হয়েছি।’
তবে তিস্তা নিয়ে স্থানীয়দের হতাশার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সার্বিক উন্নয়ন নিয়েও প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় নেতারা। জনসভায় উপস্থিত ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর মধ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিও রয়েছে।
সময়ের আলো/জোই