প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ পিএম
ছবি : সংগৃহীতসাবেক সেনা কর্মকর্তা ও কারাবন্দি মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশাল নগরীর পৈত্রিক বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কের তহুরা মঞ্জিলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রবিউল আল আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিকেল ৫টা ৫৮ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক অগ্নিকাণ্ডের খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। তবে তখন সেখানে আগুন জ্বলতে দেখা যায়নি।
কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি বলে জানান রবিউল আল আমিন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।
বাসভবনের নিরাপত্তাপ্রহরী জানান, তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন যুবক এসে ভবনের নিচতলায় আগুন দিয়েছে বলে খবর পান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি সেখানে গিয়ে আগুন নিভে থাকতে দেখেন।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জন যুবক ভবনটির জানালার কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে গ্রেপ্তার করা হয়।
যে বাসভবনে আগুন দেওয়া হয়েছে, সেখানে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ওই ভবনে থাকেন না।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা জানার চেষ্টা চলছে।
সময়ের আলো/এসএকে