হোল্ডিং ট্যাক্স আদায়ে ব্যক্তিগত চুক্তি, ২০ শতাংশ ভাগ পান প্যানেল চেয়ারম্যান!

রুবেল মজুমদার, কুমিল্লা

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান ছাড়াই ব্যক্তিগত চুক্তির মাধ্যমে লোক নিয়োগ করে ইউনিয়নবাসীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্স আদায়ের অভিযোগ

2026-11-19T21:14:35+00:00
2026-11-19T21:14:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
হোল্ডিং ট্যাক্স আদায়ে ব্যক্তিগত চুক্তি, ২০ শতাংশ ভাগ পান প্যানেল চেয়ারম্যান!
রুবেল মজুমদার, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান ছাড়াই ব্যক্তিগত চুক্তির মাধ্যমে লোক নিয়োগ করে ইউনিয়নবাসীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্স আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আদায় করা অর্থের ২০ শতাংশ পান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন। এ ছাড়া একই বছরে দুই দফা কর আদায় এবং কর না দিলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার ১০ নম্বর বাতিসা ইউনিয়ন পরিষদে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কীভাবে ব্যক্তিগত চুক্তিতে দেওয়া হলো, আদায় করা অর্থের কতটুকু পরিষদের তহবিলে জমা হচ্ছে এবং এর সঙ্গে জনপ্রতিনিধির আর্থিক স্বার্থ জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের সঙ্গে ২০ শতাংশ অর্থ ভাগাভাগির চুক্তিতে মুনছুরুল আলম নামের এক ব্যক্তিকে হোল্ডিং ট্যাক্স আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে স্ট্যাম্পে ব্যক্তিগত চুক্তিও করা হয়েছে বলে জানা গেছে। মুনছুরুল আলমের নামে কর আদায়ের কোনো সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান নেই। তার সঙ্গে আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

তবে তাদের নিয়োগ, দায়িত্ব বণ্টন, পারিশ্রমিক নির্ধারণ এবং আদায় করা অর্থের হিসাব সংরক্ষণের বিষয়ে ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্ধারিত পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন ধরনের কর আরোপ ও আদায় করতে পারে। আইনের ৬৫ ও ৬৬ ধারায় কর আরোপ এবং আদর্শ কর তফসিলের বিধান রয়েছে। অন্যদিকে ৬৮ ধারায় নির্ধারিত ব্যক্তি ও পদ্ধতিতে কর আদায়ের কথা বলা হয়েছে। অর্থাৎ পরিষদের বাইরের কাউকে দিয়ে কর আদায় করানো স্বয়ংক্রিয়ভাবে অবৈধ নয়। তবে এ ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, নির্ধারিত পদ্ধতিতে রসিদ প্রদান এবং আদায় করা অর্থ পরিষদের তহবিলে জমা নিশ্চিত করতে হয়।

এ ছাড়া আইনের ৫৮ ধারায় পরিষদের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং ৫৯ ধারায় তহবিল নিরীক্ষার বিধান রয়েছে। সে অনুযায়ী, ব্যক্তিগত চুক্তিতে কর আদায়ের ক্ষেত্রে চুক্তিপত্র, আদায় রেজিস্টার, রসিদ, ব্যাংকে অর্থ জমার বিবরণী এবং পরিষদের আয়-ব্যয়ের হিসাব যাচাই করা জরুরি।

স্থানীয়দের অভিযোগ, আদায় করা অর্থের ২০ শতাংশ প্যানেল চেয়ারম্যানকে দেওয়ার শর্তেই মুনছুরুল আলমকে কর আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি রাজস্বের অর্থ ব্যক্তিগতভাবে ভাগাভাগির কোনো বিধান রয়েছে কি না এবং এ ধরনের চুক্তিতে প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা জানতে চান তারা।


এদিকে একই বছরে দুই দফা হোল্ডিং ট্যাক্স আদায়ের অভিযোগেও ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে এক দফা কর আদায় করা হয়। কয়েক মাসের ব্যবধানে নভেম্বর মাসে আবারও কর আদায় শুরু হয়েছে। ফলে একই বছরে দুবার কর দিতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।

তবে প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে ২০২৪-২৫ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। বর্তমানে আদায় করা হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের কর। তার এ বক্তব্যের পর ২০২৫-২৬ অর্থবছরের কর আদায় হয়েছে কি না, হয়ে থাকলে কখন এবং কীভাবে আদায় করা হয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

কর আদায়কে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে। কয়েকজন বাসিন্দার দাবি, হোল্ডিং ট্যাক্স দিতে অনীহা প্রকাশ করলে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে না বলে জানানো হচ্ছে। এতে বাধ্য হয়ে অনেকে কর পরিশোধ করছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, আমাদের কাছ থেকে এক বছরে দুবার হোল্ডিং ট্যাক্স নেওয়া হচ্ছে। টাকা না দিলে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে না বলে জানানো হয়। এভাবে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা কার কাছে বিচার চাইব, তা বুঝতে পারছি না।

খোঁজ নিয়ে জানা গেছে, কর আদায়ের দায়িত্বে থাকা মুনছুরুল আলমের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার আতশখালী গ্রামে। তিনি মহিউদ্দিন মোল্লার ছেলে। তার নিয়োগের বৈধতা এবং তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের কর আদায়ের অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে মুনছুরুল আলম বলেন, চেয়ারম্যানের মাধ্যমে তিনি ট্যাক্স আদায় করছেন। তার নামে কোনো সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান নেই বলেও স্বীকার করেন তিনি। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার যা পারেন লিখেন, আমার কোনো সমস্যা নেই।’

প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ২০২৪-২৫ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদায় করা হয়েছে। বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের কর আদায় চলছে। সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে কর আদায় করা হচ্ছে কি না, জানতে চাইলে পরে কথা বলবেন বলে জানান তিনি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ‘আমি এখানে যোগদান করেছি চার দিন হয়েছে। বিষয়টি মাত্র শুনলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা ও আরএম শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যক্তিগত চুক্তিতে কর আদায়ের বৈধতা, অর্থের ২০ শতাংশ ভাগাভাগির অভিযোগ, একই অর্থবছরের কর পুনরায় আদায় এবং সরকারি সুযোগ-সুবিধা বন্ধের হুমকির বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তাদের মতে, ইউনিয়ন পরিষদের সভার সিদ্ধান্ত, চুক্তিপত্র, কর আদায়ের রসিদ, ব্যাংকে অর্থ জমার বিবরণী এবং অর্থবছরভিত্তিক হিসাব যাচাই করলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হোল্ডিং ট্যাক্স  ব্যক্তিগত চুক্তি  প্যানেল চেয়ারম্যান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: