চলন মহাবিদ্যালয়। ছবি : সময়ের আলোকলেজে নিয়মিত যান না প্রায় ২৮ মাস ধরে। অথচ মাস শেষে সরকারি বেতন-ভাতা তুলছেন ঠিকই। তার পরিবর্তে মাসিক ছয় হাজার টাকা বেতনে অন্য একজনকে দিয়ে নেওয়া হচ্ছে ক্লাস। অভিযোগ, হাজিরা খাতায় স্বাক্ষর দেখিয়েই চলছে সরকারি সুযোগ-সুবিধা ভোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চলন মহাবিদ্যালয়ে এমন অনিয়মের অভিযোগ উঠেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী অধ্যাপক মো. আমিরুজ্জামান আশিষের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দা ও কলেজ-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি নিয়মিত কলেজে যাচ্ছেন না। তার পরিবর্তে লালমাই উপজেলার আজবপুর গ্রামের সুজন নামের এক যুবককে দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। এ জন্য তাকে মাসে ছয় হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। কলেজ প্রশাসন ও পরিচালনা পর্ষদের দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি জানতেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
১১ নভেম্বর দুপুর ১২টার দিকে নাঙ্গলকোটের যুক্তিখোলা বাজারসংলগ্ন চলন মহাবিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা ঝুলছে। দোতলার গ্রন্থাগারটিও ছিল তালাবদ্ধ। পরে নতুন ভবনের নিচতলার একটি কমনরুমে অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনকে কয়েকজন শিক্ষার্থীকে পড়াতে দেখা যায়।
অফিস কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে ওই সময় পুরো কলেজে শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায় মাত্র পাঁচজন। বিপরীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষক ও দুজন কর্মচারী উপস্থিত ছিলেন। কলেজের চিত্র ভিডিও ধারণ করতে গেলে সহকারী অধ্যাপক রুহুল আমিন বাধা দেন। এ নিয়ে তার সঙ্গে প্রতিবেদকের বাগ্বিতণ্ডা হয়। পরে হট্টগোল শুনে নিজ কক্ষে আসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদ উল্লা ভূঁইয়া।
খোঁজ নিয়ে জানা যায়, সেদিনও সহকারী অধ্যাপক আমিরুজ্জামান আশিষ কলেজে উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে সুজন নামের ওই যুবক ক্লাস নিয়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রগুলো জানায়।
পাসের হার ১৭ শতাংশ, শিক্ষার্থী উপস্থিতি হাতেগোনা
১৯৮৭ সালে শিক্ষানুরাগী এ বি এম আহসান উল্লাহ মজুমদার তৎকালীন চৌদ্দগ্রাম, লাকসাম ও নাঙ্গলকোট— এই তিন উপজেলার নামের আদ্যক্ষর নিয়ে চলন মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটিতে ১৯ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। কাগজে-কলমে প্রথম বর্ষে ৪০ জন এবং দ্বিতীয় বর্ষে ৫৬ জনসহ মোট শিক্ষার্থী ৯৬ জন। তবে স্থানীয়দের দাবি, প্রতিদিন গড়ে মাত্র চার থেকে পাঁচজন শিক্ষার্থী ক্লাসে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিক্ষার্থী উপস্থিতি কম থাকার সুযোগে কয়েকজন শিক্ষক সকালে কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যক্তিগত কাজে কিংবা প্রাইভেট পড়াতে চলে যান। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলেও। সর্বশেষ এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার নেমে এসেছে মাত্র ১৭ শতাংশে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সহকারী অধ্যাপক আশিষ। তাদের অভিযোগ, তৎকালীন রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি কলেজে অনিয়মিত থাকতেন। ৫ আগস্টের পর থেকে তার কলেজে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। এরপর তার পরিবর্তে ছয় হাজার টাকা মাসিক পারিশ্রমিকে সুজনকে দিয়ে ক্লাস পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, নোয়াখালী সীমান্তবর্তী কান্দাল গ্রামের এক ব্যক্তিকে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। দূরত্বের কারণে তিনিও নিয়মিত কলেজের কার্যক্রম তদারকি করতে পারেন না। ফলে একসময়কার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এখন নানা প্রশ্নের মুখে।
অভিযোগের বিষয়ে জানতে সহকারী অধ্যাপক মো. আমিরুজ্জামান আশিষের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তার পরিবর্তে ক্লাস নেওয়া সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ফোন ধরেন। তবে সাংবাদিক পরিচয় পাওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদ উল্লা ভূঁইয়া বলেন, আইসিটি বিষয়ে শিক্ষার্থীরা বেশি ফেল করে। এ কারণে একজন খণ্ডকালীন শিক্ষক রাখা হয়েছে। পাশাপাশি আশিষও ক্লাস নেন। ওই দিন আশিষের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি বলেন, আশিষ ছুটিতে আছেন। তবে ছুটির কোনো আবেদনপত্র বা দাপ্তরিক নথি তিনি দেখাতে পারেননি।
শিক্ষার্থী উপস্থিতি কম থাকার বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, গ্রামের কলেজ হওয়ায় শিক্ষার্থীরা আসতে চায় না। অভিভাবকদের ফোন দিলে তারা জানান, সন্তান ঘুমাচ্ছে কিংবা রাজমিস্ত্রির কাজে গেছে।
কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. আজিম উদ্দিন বলেন, শিক্ষক আশিষ আইসিটি বিষয়ে কিছুটা দুর্বল হওয়ায় একজন অভিজ্ঞ খণ্ডকালীন শিক্ষক রাখতে বলা হয়েছে। পাশাপাশি আশিষকেও নিয়মিত কলেজে থাকতে বলা হয়েছে। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্ল্যাহ বলেন, তিনি কর্মস্থলে নতুন যোগ দিয়েছেন। তাই কলেজটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেই। তবে খোঁজখবর নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা