গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে একের পর এক চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উপজেলার বিভিন্ন এলাকায় দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান,

2026-11-19T10:14:03+00:00
2026-11-19T10:14:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৪ এএম 
রাজশাহীর গোদাগাড়ী থানা। ছবি : সময়ের আলো
রাজশাহীর গোদাগাড়ীতে একের পর এক চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উপজেলার বিভিন্ন এলাকায় দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, রাইস মিল ও যানবাহনে চুরির অভিযোগ উঠেছে। কোথাও রাতের আঁধারে দোকানের মালামাল উধাও হচ্ছে, কোথাও চুরি যাচ্ছে বিদ্যালয়ের বেঞ্চ ও সরঞ্জাম। পাশাপাশি রাইস মিলের বিদ্যুতের তার, পিকআপের ব্যাটারি ও অটোরিকশা চুরির ঘটনাও ঘটছে। এসব ঘটনার মধ্যে কিশোর অটোরিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা স্থানীয়দের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে উপজেলার নানা প্রান্তে চুরির ঘটনা ঘটলেও রাতের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না। বিশেষ করে ব্যবসায়ী, যানবাহনের চালক ও বাড়ির মালিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের বেলায় দোকান ও বাড়িঘর পাহারা দেওয়া, যানবাহন নিরাপদ স্থানে রাখা এবং সম্ভাব্য চুরির আশঙ্কায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তাদের।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ১৭ তারিখ রাত আনুমানিক তিনটার দিকে শাহিন জামাদানির একটি দোকানে চুরির ঘটনা ঘটে। গভীর রাতে দোকানে ঢুকে দুর্বৃত্তরা মালামাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সাহাব্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেঞ্চসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রী চুরির এ ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

রাইস মিলেও হানা দিচ্ছে চোরেরা। মো. আলমগীর হোসেনের দুটি রাইস মিল থেকে বিদ্যুতের তার চুরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ১৬ তারিখ রাতেও সিএনবি এলাকায় একটি মিলের বিদ্যুতের তার চুরি হয়। এসব চুরিতে মিলের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্ট মালিকেরা।

যানবাহন চুরির ঘটনাও দুশ্চিন্তা বাড়িয়েছে। মঙ্গলবার ওবায়দুল্লাহ মোড় থেকে মো. আনারুল ইসলামের একটি অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। গোদাগাড়ী পৌরসভার ঈদগাহসংলগ্ন শফিক হাজীর ভবনের পাশ থেকে চুরি হয়েছে দুটি পিকআপের ব্যাটারি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, চুরি হওয়া পিকআপ দুটির মধ্যে ২৯ নম্বর হিসেবে চিহ্নিত গাড়িটির মালিক মাসুদ।

এ ছাড়া উপজেলার সুলতানগঞ্জ এলাকায় রাতের অন্ধকারে গরু চুরি, মহিশালবাড়ী এলাকায় একটি বাড়িতে চুরি এবং তালা ভেঙে অটোরিকশা চুরির অভিযোগও রয়েছে। বিচ্ছিন্ন এসব ঘটনার মধ্যেই ঘুরেফিরে আসছে একটি বিষয়— রাতের বেলায় নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ।

চুরি-ছিনতাইয়ের অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা কিশোর অটোরিকশাচালক সিহাব রানা হত্যাকাণ্ড। পুলিশের তদন্তে উঠে এসেছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়।

পুলিশ ও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর রাতে ২০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন হাবিবুল বাসার শিমুল। পরে গোদাগাড়ীর কলিপুর এলাকায় নির্জন সড়কে পেছন থেকে হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কের পাশে ধানখেতে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি বলে পুলিশের দাবি।

৩১ অক্টোবর সকালে কলিপুর এলাকার একটি ধানখেত থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা সোহেল রানা ১ নভেম্বর গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোর চালক হত্যার ঘটনা অটোরিকশাচালকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। জীবিকার টানে প্রতিদিন রাস্তায় নামা চালকদের আশঙ্কা, যাত্রী পরিবহনের সময় নিরাপত্তা নিশ্চিত না হলে এমন নির্মম ঘটনার ঝুঁকি থেকেই যায়।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বিচ্ছিন্নভাবে একের পর এক অপরাধ ঘটলেও মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাটছে না। বিশেষ করে রাতের বেলায় অপরাধের আশঙ্কা বেশি থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, কিশোর অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। উপজেলার অন্যান্য চুরি ও অপরাধের ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজশাহী  গোদাগাড়ী  চুরি  ছিনতাই  হত্যাকাণ্ড  উদ্বেগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: