প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৯:৫৪ পিএম
গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আবছার উদ্দিন নামে এক ব্যক্তির একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি মৃত রফিক মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিনের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়িতে রান্নার কাজ চলাকালে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের পক্ষে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। একপর্যায়ে আগুনে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা হাফেজ তহা জানান, হঠাৎ একটি বসতঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পুরো বাড়িটি পুড়ে গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, মোবাইল ফোনের মাধ্যমে তিনি জানতে পারেন, হ্নীলা সিকদারপাড়া এলাকার আবছার উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি গুরুত্বসহকারে খোঁজখবর নিচ্ছেন বলে জানান।
এদিকে, আকস্মিক এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে পড়েছে। বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এবং পরিবারের সদস্যদের কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সময়ের আলো/জোই