প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম
সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের ঠাকুরাকোনা কার্যালয়ে আগুন। ছবি : সংগৃহীতনেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সদর উপজেলার ঠাকুরাকোনা শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে ব্যাংকটির আরেকটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে ঠাকুরাকোনা বাজার-সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা কার্যালয়ের মূল ফটক লক্ষ্য করে কাচের বোতলে তৈরি পেট্রলবোমা ছোড়ে। এতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের সীমানাপ্রাচীর ও দেয়ালে আগুনের দাগ লেগেছে।
ঠাকুরাকোনা শাখার ব্যবস্থাপক শ্যামল চন্দ্র বলেন, রাত ২টা ৪০ মিনিটের দিকে রাস্তার দিক থেকে পেট্রলভর্তি কাচের বোতল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় তিনি ও নৈশপ্রহরী চিৎকার করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, মূল ফটকের সামনে আগুন জ্বললেও দ্রুত তা নিভিয়ে ফেলায় কার্যালয়ের ভেতরে কিংবা নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। পরে ঘটনাস্থলে পেট্রলভর্তি আরও একটি অক্ষত কাচের বোতল পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে নেত্রকোনার চল্লিশা, আমতলাসহ জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে।
সময়ের আলো/এসএকে